Logo
×

Follow Us

প্রতিবেদন

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবেই সুরাহা: জয়সওয়াল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবেই সুরাহা: জয়সওয়াল

কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী বিচার বিভাগীয় প্রক্রিয়ায় সুরাহা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দেশে ফিরতে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়ে আলোচনার মধ্যে ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য এল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে অন্তত চারজন সাংবাদিক শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, প্রত্যর্পণ এবং তার বৈধ ভ্রমণ নথির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভ্রমণ নথির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি থাকা অপরিহার্য। এটি একটি আইনি বিষয় এবং এর সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আগ্রহের কথা বলেছিলেন। 

সম্প্রতি লন্ডনের একটি ল ফার্মের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার খবর প্রকাশ পাওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে শুরু থেকেই বাংলাদেশ সরকার তাকে বিচারের জন্য হস্তান্তরের দাবি জানিয়ে আসছে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের পানিবণ্টন চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এ বিষয়ে আগের বক্তব্যের বাইরে নতুন কোনো আপডেট নেই। তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাওয়া হলে তিনি নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই বলে জানান।

এ ছাড়া চীনের কিছু ব্লগারের মাধ্যমে ঢাকার অনুন্নত এলাকার ভিডিও তুলে ধরে নয়া দিল্লির দৃশ্য হিসেবে অপপ্রচার চালানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র। 

তিনি বলেন, “কোনো দেশকে এভাবে বিকৃতভাবে তুলে ধরা অত্যন্ত দুঃখজনক।” এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫