Logo
×

Follow Us

প্রতিবেদন

বিশ্ববাজারে কমলো তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। 

সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসেই আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৮ সেন্টে বিক্রি হয়। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে।

এর আগে শুক্রবার বাজার বন্ধের সময় তেলের দামে সামান্য বৃদ্ধি হলেও সোমবারের দরপতনে তার বিপরীত চিত্র দেখা যায়। তবে গত সপ্তাহে সব মিলিয়ে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ শতাংশ কমেছিল। 

এলএসইজির ১৯৮৮ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটি ছিল তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চুক্তি সই হওয়ার ওপর পরিস্থিতি নির্ভর করছে এবং নতুন করে হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। এর আগে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানোর ইঙ্গিত দেওয়া হলেও এখন পর্যন্ত বড় কোনো অভিযানের লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে হামলা হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার ট্রাম্পের মন্তব্যকে ‘সংযত’ বলে উল্লেখ করে জানান, সংঘাত বিষয়ে ট্রাম্পের অবস্থানে দীর্ঘমেয়াদি পরিবর্তন এসেছে কি না, তা বাজার পর্যবেক্ষণ করছে। 

জেপি মরগ্যানের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধি ও দুর্বল চাহিদার কারণে বিশ্ববাজারে আবারও তেলের অতিরিক্ত সরবরাহ তৈরি হচ্ছে। গত সেপ্টেম্বরে বিশ্ববাজারে দৈনিক তেলের উদ্বৃত্ত সরবরাহ ছিল ১১ লাখ ব্যারেল, যা অক্টোবরে ১৪ লাখ ব্যারেলে দাঁড়াতে পারে।

এদিকে ওমানের কাছাকাছি একটি নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেল রপ্তানির সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন। তিনি জানান, সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। 

অন্যদিকে সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার খবর পাওয়া গেছে, তবে এতে কেউ হতাহত হননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫