ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ইরানের বাকি অংশও ধ্বংস করে দেওয়ার প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরা জানায়, বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘‘এখন ভাবছি এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনও ফিরে আসতে না পারে।’’
ট্রাম্প আরও বলেন, ‘‘যদি সম্ভব হয় আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব। তবে হয়ত আমাকে তাই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’’
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য এল। ওয়াশিংটন একদিকে যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ বিবেচনা করছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।
এর আগে ট্রাম্প পূর্বাভাস দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সংঘাতের অবসান হবে। তবে তার সর্বশেষ বক্তব্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ এখনও শেষ হয়নি। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরতে অন্তত ২৫ বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।”
অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের ফলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বেড়েছে। এতে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশল ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে আরও জোরালো নজরদারি ও প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের সঙ্গে ইরানবিষয়ক সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে বলে ট্রাম্প মন্তব্য করেননি।
