Logo
×

Follow Us

প্রতিবেদন

ঋণ নয়, অনুদান : কপ৩১-এ বাংলাদেশের এজেন্ডা

Icon

সৈয়দ রাইয়ান আমীর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

ঋণ নয়, অনুদান : কপ৩১-এ বাংলাদেশের এজেন্ডা

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্টালিয়ায় বসছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১। ১১-১২ নভেম্বরের বিশ্বনেতা সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশ চাইবে জলবায়ু-অর্থ আসুক অনুদানে, ঋণে নয় (দ্য বাংলাদেশ টুডে, ২ নভেম্বর ২০২৬)।

দাবিটা ন্যায্য। কিন্তু ন্যায্য দাবি আর আদায়যোগ্য দাবি এক জিনিস নয়—প্রথমটা নীতি কথা, দ্বিতীয়টা আইনের কথা। এই লেখার প্রস্তাব তাই, বাংলাদেশ করুণার ভাষা ছেড়ে অধিকারের ভাষায় কথা বলুক।

হাতিয়ার চারটি : ইউএনএফসিসিসির ৪.৪ অনুচ্ছেদ, প্যারিস চুক্তির ৯.১ ও ৯.৪ অনুচ্ছেদ, বাকু-সিদ্ধান্ত (Decision 1/CMA.6) এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৫ সালের পরামর্শমূলক মতামত। সঙ্গে ঘরও গোছাতে হবে। নিজের ট্রাস্ট তহবিলে ১০০ কোটি টাকা রেখে বিশ্বের কাছে বছরে ছয় বিলিয়ন ডলার চাওয়া যুক্তিতে খোঁড়া।

প্রেক্ষাপট : সংখ্যায় চাহিদা আর জোগান

বাংলাদেশ বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের মাত্র ০.৫৬ শতাংশ নিঃসরণ করে, অথচ দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকি সূচকে তার অবস্থান সপ্তম (ডেইলি স্টার/এএনএন)। ধোঁয়া ছাড়ে অন্যে, চোখ জ্বলে আমাদের। প্রতিমন্ত্রীর ভাষায়ও একই কথা : কার্বন নিঃসরণে প্রায় কোনো ভূমিকা না রেখেও ভুক্তভোগী বাংলাদেশ (দ্য বাংলাদেশ টুডে)।

২০০০-২০২৩ সময়ে জলবায়ু-দুর্যোগে ১৩ কোটি মানুষ বাস্তুচ্যুত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি ১৩.৬ বিলিয়ন ডলার (টিবিএস, সিডিআরআই-২০২৫)।

জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) ২০২৩-২০৫০ অনুযায়ী, ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে লাগবে ২৩০ বিলিয়ন ডলার; বছরে গড়ে ৮.৫ বিলিয়ন, যার ছয় বিলিয়নই আসার কথা আন্তর্জাতিক উৎস থেকে।

প্রশমনের হিসাব আলাদা : এনডিসি ৩.০ বাস্তবায়নে ২০৩৫ সাল পর্যন্ত দরকার ১১৬.১৮ বিলিয়ন ডলার, যার মাত্র ২৫.৯৫ বিলিয়ন দেশীয়, বাকি ৯০.২৩ বিলিয়ন বিদেশনির্ভর। ঘরের জোগানে ২০২৬-২৭ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয়/বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট বরাদ্দ ৫১ হাজার ৭৪৬ কোটি টাকা, মোট বাজেটের ৫.৫২ শতাংশ, অথচ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল পেয়েছে মাত্র ১০০ কোটি টাকা; বাইরের জোগানও তথৈবচ, সবুজ জলবায়ু তহবিল (GCF) ১০টি প্রকল্পে ৪৬৪ মিলিয়ন ডলার অনুমোদন করলেও সম্পন্ন হয়েছে মাত্র একটি (৯.৭ মিলিয়ন) (প্রথম আলো, ২৯ অক্টোবর ২০২৬)।

বছরে ৮.৫ বিলিয়ন ডলারের প্রয়োজন, আর নিজস্ব ট্রাস্ট তহবিলে ১০০ কোটি টাকা। চাহিদা হিমালয়, জোগান যেন উইয়ের ঢিবি।

আইনি কাঠামো : সাহায্য নয়, দায়

আন্তর্জাতিক আইন 

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ (ইউএনএফসিসিসি), ১৯৯২ : অনুচ্ছেদ ৪.১ ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব’ (CBDR-RC) নীতির ভিত্তি। ৪.৩ অনুচ্ছেদে উন্নত দেশের ওপর ‘নতুন ও অতিরিক্ত’ অর্থ জোগানোর দায়, ৪.৪-এ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশের অভিযোজন-ব্যয় মেটাতে সহায়তার অঙ্গীকার। ৪.৮-এ নিম্ন উপকূলীয় দেশ ও ৪.৯-এ স্বল্পোন্নত দেশের (এলডিসি) বিশেষ চাহিদা বিবেচনার নির্দেশ আছে (ইউএনএফসিসিসি, অনুচ্ছেদ ৪; ইউএনএফসিসিসি পটভূমিপত্র)। বাংলাদেশ দুই শ্রেণিতেই পড়ে।

প্যারিস চুক্তি, ২০১৫ : ৯.১ অনুচ্ছেদে উন্নত দেশ অর্থ ‘shall provide’ শব্দটি আদেশসূচক, অনুরোধ নয় (ইউএনএফসিসিসিতে এলএমডিসির দাখিলপত্র)। ৯.৪ অনুচ্ছেদ এলডিসির অভিযোজনে ‘public and grant-based resources’-এর প্রয়োজন স্পষ্ট স্বীকার করেছে (টিডব্লিউএন)। অনুচ্ছেদ ৭ বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের, অনুচ্ছেদ ৮ ক্ষয়ক্ষতির (লস অ্যান্ড ড্যামেজ) ভিত্তি।

বাকু-সিদ্ধান্ত (Decision 1/CMA.6), ২০২৪ : নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য (NCQG) হলো ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার, সব উৎস মিলিয়ে ১.৩ ট্রিলিয়ন (আঙ্কটাড)। মনে রাখা দরকার, ১০০ বিলিয়নের পুরোনো লক্ষ্যই পূরণ হয়েছিল ২০২২ সালে, দুই বছর দেরিতে। কপ৩০ অভিযোজন-অর্থ তিন গুণ করার ডাক দিয়েছে, কিন্তু ভিত্তি-অঙ্ক বা দায়ভার ঠিক করেনি।

আইসিজের পরামর্শমূলক মতামত, ২৩ জুলাই ২০২৫ : আদালত সর্বসম্মতভাবে বলেছে, জলবায়ু চুক্তিগুলো প্রশমন, অভিযোজন ও সহযোগিতার বাধ্যতামূলক দায় সৃষ্টি করে। এসব দায় erga omnes partes, তাই যেকোনো রাষ্ট্র লঙ্ঘনের দায় তুলতে পারে (Aby. 440); লঙ্ঘনে রাষ্ট্রীয় দায় ও প্রতিকারের (reparation) প্রথাগত বিধি প্রযোজ্য (Aby. 430) (জাস্ট সিকিউরিটি)। মতামতটি বাধ্যতামূলক নয়, তবে এর প্ররোচনামূলক কর্তৃত্ব (persuasive authority) প্রবল।

দেশীয় আইন

সংবিধান : ১৮ক অনুচ্ছেদ (পঞ্চদশ সংশোধনী, ২০১১) রাষ্ট্রকে পরিবেশ সংরক্ষণে দায়বদ্ধ করেছে। কিন্তু ৮(২) অনুচ্ছেদের কারণে তা আদালতে বলবৎযোগ্য নয়, তাই আদালতকে ভরসা করতে হয়েছে ৩২ অনুচ্ছেদের জীবনের অধিকারে (ডেইলি স্টার)।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ (২০১০ সানের ৫৭ নং আইন) : ১৫ ধারায় গঠিত তহবিলই দেশের নিজস্ব বিধিবদ্ধ জলবায়ু তহবিল, কিন্তু সুষম বণ্টন ও জবাবদিহির কোনো কাঠামো আইনে নেই (অক্সফোর্ড হিউম্যান রাইটস হাব; আইনের ইংরেজি পাঠ)।

সমস্যা : ঋণের ফাঁদ, শূন্য ভাঁড়ার

১. অনুদানের মুখোশে ঋণ—ওইসিডির হিসাবে উন্নত দেশের সরকারি জলবায়ু-অর্থের ৭৩ শতাংশ ছিল ঋণ (২০২৩), ২০২৪-এ ৬৭ শতাংশ; অনুদান যথাক্রমে ২৪ শতাংশ ও ২৯ শতাংশ (প্রথম আলো)। বাংলাদেশ ডলার-প্রতি অনুদানের বিপরীতে পায় ২.৭০ ডলার ঋণ; মাথাপিছু জলবায়ু-ঋণ ৭৯.৬১ ডলার, এলডিসি গড়ের (২৩.১২ ডলার) প্রায় সাড়ে তিন গুণ; ২০০৯-২০২২ সময়ে জলবায়ুসংশ্লিষ্ট ঋণ জমেছে ৩.৪ বিলিয়ন ডলার (ডেইলি স্টার)।

প্রতিবেশী নেপালের ঋণ-অনুদান অনুপাত যেখানে ০.১০, বাংলাদেশের ২.৭০। তার ওপর ‘জলবায়ু’ তকমাধারী অর্থের ১৮.৮৪ শতাংশ গেছে জীবাশ্ম-জ্বালানি প্রকল্পে। দুর্যোগ সামলাতে ঋণ নেওয়া মানে ঘরে আগুন লাগার পর সুদে টাকা ধার করে পানি কেনা। আগুন নেভে, দেনা থেকে যায়; শোধ করে পরের প্রজন্ম।

২. অভিযোজনের ফারাক—ইউএনইপির হিসাবে উন্নয়নশীল দেশের অভিযোজন-চাহিদা ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০-৩৬৫ বিলিয়ন ডলার। ২০২৩-এ আন্তর্জাতিক সরকারি অভিযোজন-অর্থ এসেছে ২৬ বিলিয়ন; ফারাক ১২-১৪ গুণ।

৩. ক্ষয়ক্ষতি তহবিলের শূন্য ভাঁড়ার—কপ২৮-এ প্রতিশ্রুত প্রায় ৮২০ মিলিয়ন ডলারের মাত্র ৫৫ শতাংশ জমা পড়েছে, অথচ প্রথম আহ্বানেই প্রায় ১৮০টি প্রস্তাব চেয়েছে ২.৮ বিলিয়ন। প্রথমবারের মতো ২২ অক্টোবর ২০২৬ নেপালের বন্যা-পরবর্তী পুনরুদ্ধারে ২০ মিলিয়ন ডলার সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ক্ষয়ক্ষতি তহবিল। অথচ পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজন আনুমানিক ৪.৮ বিলিয়ন ডলার; তহবিলের প্রাথমিক ইওগ ব্যবস্থায় প্রকল্পপ্রতি অর্থায়নের সর্বোচ্চ সীমা ২০ মিলিয়ন ডলার (ক্লাইমেট হোম নিউজ, ২২ অক্টোবর ২০২৬)। অথচ ২০৩০ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের চাহিদা বছরে ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে (ক্লাইমেট হোম নিউজ, এপ্রিল ২০২৬)।

নীতিগত সুপারিশ কপ৩১-এর দরকষাকষিতে

১. অনুদান-সমতুল্য হিসাব : এনসিকিউজির ৩০০ বিলিয়ন ডলারের অগ্রগতি মাপা হোক ঋণের মুখমূল্যে নয়, অনুদান-সমতুল্য মূল্যে। প্যারিস ৯.৪ অনুযায়ী এলডিসির অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থ শতভাগ অনুদান হোক।

২. তিন গুণের অঙ্ক বাঁধা : এলডিসি গ্রুপের সঙ্গে মিলে কপ৩০-এর ‘তিন গুণ’ প্রতিশ্রুতির ভিত্তি-অঙ্ক ও ২০৩০ সালের অন্তর্বর্তী মাইলফলক দাবি করা।

৩. আইসিজের ভাষায় কথা : প্রধানমন্ত্রীর ভাষণ ও লিখিত অবস্থানপত্রে ‘সাহায্য’ নয়, ‘আইনি দায়’ ও ‘reparation’ শব্দ; সঙ্গে আইসিজে মতামতের অনুচ্ছেদ ৪৩০-৪৪৩-এর উদ্ধৃতি।

৪. ক্ষয়ক্ষতি তহবিল : প্রকল্পসীমা ২০ মিলিয়ন ডলারের ওপরে তোলা, এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের জন্য অর্ধেক সম্পদ সংরক্ষণের বিধান রক্ষা এবং নতুন অর্থের সময়সূচি দাবি।

৫. সংজ্ঞার সততা : জীবাশ্ম-জ্বালানি প্রকল্পকে ‘জলবায়ু-অর্থ’ হিসেবে গোনা বন্ধে অভিন্ন সংজ্ঞা আদায়।

৬. ঋণের শর্ত : যে ঋণ নিতেই হবে, তাতে দুর্যোগকালে কিস্তি স্থগিতের জলবায়ু-সহনশীল ধারা (climate-resilient debt clause) যুক্ত করার দাবি (দ্য ক্লাইমেট ওয়াচ)। 

৭. জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সংশোধন করে বণ্টন-মানদণ্ড, স্বাধীন নিরীক্ষা ও সংসদে বার্ষিক প্রতিবেদন বাধ্যতামূলক করা; তহবিলের বরাদ্দ ১০০ কোটি টাকা থেকে বাড়ানো।

৮. সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব মেনে পরিবেশ-অধিকারকে বলবৎযোগ্য মৌলিক অধিকার করা, যাতে ঘরে ও বাইরে এক সুরে কথা বলা যায় (ডেইলি স্টার)।

৯. জিসিএফ ও ক্ষয়ক্ষতি তহবিলে সরাসরি প্রবেশের জন্য জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও প্রকল্প-তালিকা গড়া। ৪৬৪ মিলিয়ন ডলারের অনুমোদন আর একটি মাত্র সমাপ্ত প্রকল্পের ব্যবধানই বলে, সমস্যা কেবল দাতার নয়।

পরিশেষে

আন্টালিয়ায় প্রধানমন্ত্রীর হাতে সময় দুই দিন, বক্তৃতার সুযোগ কয়েক মিনিট। সেই কয়েক মিনিটে করুণা চাওয়ার চেয়ে আইনের ধারা উচ্চারণ ঢের বেশি কাজের।

অনুদান দয়া নয়, দায়; আর দায়ের পাওনা চাইতে হয় সোজা গলায়, পরিষ্কার হিসাব হাতে নিয়ে। যে জাতি নিজের খাতা গুছিয়ে রাখে, পরের খাতার ভুল ধরার অধিকার তারই সবচেয়ে বেশি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫