Logo
×

Follow Us

প্রতিবেদন

‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের কাজ শুরু ফেব্রুয়ারিতে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের কাজ শুরু ফেব্রুয়ারিতে

পদ্মা ব্যারাজ প্রকল্প। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দূর, নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে গৃহীত মেগা এই প্রকল্পের মূল অবকাঠামোর কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দৃশ্যমান হতে যাচ্ছে।

প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা এলাকায় পদ্মার ওপর ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজ নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলার প্রায় ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন এবং প্রতিবছর অন্তত ৭ হাজার ১২৭ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক কমিটির সভায় মেগা প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ২০ ৩৩ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

পদ্মা ব্যারাজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, রাজবাড়ীর পাংশায় প্রকল্পের সাইট এবং পাবনার সুজানগরে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। কাজের অগ্রগতি দ্রুত এগোচ্ছে এবং সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মূল কাজের শুভ উদ্বোধন করবেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মার প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, ইছামতি ও বড়াল নদী মৃতপ্রায় রূপ নেয়। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, আর্সেনিক বৃদ্ধি এবং সমুদ্রের নোনা পানি ভেতরে চলে আসায় পুরো অঞ্চলে সুপেয় পানি ও সেচের সংকট তীব্র হয়। সেই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্যও চরম হুমকির মুখে পড়ে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এই প্রকল্পকে অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, রাজবাড়ীর পাংশায় নির্মিত হতে যাওয়া ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারাজে ৭৮টি পানিনিষ্কাশন কপাট (স্পিলওয়ে), ১৮টি তলদেশ নির্গমন পথ (আন্ডারস্লুইস), দুটি ফিশ পাস, নৌ-লক, গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ থাকবে। ব্যারাজটিতে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকবে।

ব্যারাজটি চালু হলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। চলমান গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্প ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্পেও এটি পানি সরবরাহ করবে। এর পাশাপাশি মাছের উৎপাদন বছরে প্রায় আড়াই লাখ টন বৃদ্ধি পাবে।

বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাশফিকুস সালেহীন জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পলি জমায় জলাবদ্ধতা ও লবণাক্ততার যে সংকট রয়েছে, তা দূর করতে ফ্রেশ বা মিঠাপানির সর্বোচ্চ প্রবাহ দরকার। পদ্মা ব্যারাজ সেই ভূমিকা রাখবে। তবে নির্মাণের সময় নদীর স্বাভাবিক প্রবাহ, পলি জমা ও পরিবেশগত ভারসাম্য সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পদ্মা ব্যারাজের বিকল্প নেই। তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এ উদ্যোগ নেন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে তা পুনরুজ্জীবিত করেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় প্রকল্পটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করছে।

প্রকল্পের প্রাথমিক ধাপে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল বিভাগের পিরোজপুর জেলা সরাসরি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি নিয়মিত ড্রেজিং ও নদী ব্যবস্থাপনার মাধ্যমে পদ্মা অববাহিকায় নদীভাঙনের হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫