Logo
×

Follow Us

ধর্ম

নামাজে তাশাহুদ পড়ার সময় আঙুল দিয়ে ইশারার নিয়ম জানুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

নামাজে তাশাহুদ পড়ার সময় আঙুল দিয়ে ইশারার নিয়ম জানুন

নামাজের গুরুত্বপূর্ণ অংশ হলো বৈঠক। এ সময় মুসল্লিরা তাশাহুদ বা আত্তাহিয়্যাতু পাঠ করেন। তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙুল দিয়ে ইশারা করার নিয়ম নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে কোন পর্যায়ে আঙুল তুলতে হবে, কখন নামাতে হবে এবং কতক্ষণ ইশারা ধরে রাখতে হবে, তা জানতে চান অনেকে। যেহেতু এ আমল রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর সঙ্গে সম্পর্কিত, তাই হাদিসের বর্ণনা ও আলেমদের ব্যাখ্যা জানা প্রয়োজন।

সহিহ মুসলিমে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) নামাজে বসার সময় দুই হাত দুই হাঁটুর ওপর রাখতেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলটি তুলে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর ওপর বিছিয়ে রাখতেন। (সহিহ মুসলিম: ৫৮০)

হজরত আমের আবদুল্লাহ ইবনে জুবায়ের তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাশাহুদের জন্য বসলে ডান হাত ডান উরুর ওপর এবং বাঁ হাত বাঁ উরুর ওপর রাখতেন। এরপর শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। এ সময় বৃদ্ধাঙ্গুলি মধ্যমার সঙ্গে যুক্ত করতেন এবং বাঁ হাতের তালু বাঁ হাঁটুর ওপর রাখতেন। (সহিহ মুসলিম: ১৩৩৬, সহিহ ইবনে হিব্বান: ৫/২৭০)

অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) তাশাহুদের বৈঠকে বসে বাঁ হাত বাঁ হাঁটুর ওপর এবং ডান হাত ডান হাঁটুর ওপর রাখতেন। এরপর হাতের তালু ও আঙুলগুলো গুটিয়ে আরবি ৫৩ সংখ্যার আকৃতি তৈরি করে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। (সহিহ মুসলিম: ১৩৩৮)

শাহাদাত আঙুল তোলার নিয়ম

নামাজের বৈঠকে শাহাদাত আঙুল কখন তুলতে হবে, এ বিষয়ে জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমিনবাজার, ঢাকার প্রধান মুফতি মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি বলেন, নামাজি যখন নামাজের মধ্যে মুখে তাওহিদের সাক্ষ্য দেন, তখন তার আঙুলের মাধ্যমেও সেই সাক্ষ্য প্রকাশ পাবে। এ কারণে আত্তাহিয়্যাতু বা তাশাহুদ পড়ার সময় ‘আশহাদু আল্লা ইলাহা’ পর্যন্ত পৌঁছালে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে গোলাকার আকৃতি তৈরি করে শাহাদাত আঙুল তুলে ইশারা করতে হবে। এ সময় কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে লাগানো থাকবে।

তিনি আরও বলেন, ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদাত আঙুল নামিয়ে ফেলতে হবে। তবে বাকি আঙুলগুলো নামাজের শেষ পর্যন্ত একই অবস্থায় রাখতে হবে।

তাশাহুদের আরবি, উচ্চারণ ও অর্থ

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত নাজিল হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫