Logo
×

Follow Us

ধর্ম

জুমার দিনে গুনাহ মাফের ১৫ আমল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

জুমার দিনে গুনাহ মাফের ১৫ আমল

ছবি: ফ্রিপিক

ইসলামে সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। গুনাহ মাফ ও আল্লাহর বিশেষ রহমত লাভের আশায় এ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্রতা অর্জন, মসজিদে আগে পৌঁছানো, দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি দোয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল ও ইবাদত পালন করে থাকেন।

হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে। এসব আমলের মধ্যে কয়েকটি হলো

ফজরের নামাজে নির্দিষ্ট সুরা পাঠ: জুমার দিনের ফজরের নামাজে সুরা আস-সিজদা ও সুরা আল-ইনসান তিলাওয়াত করা সুন্নত। সহিহ বুখারির ১০৬৮ নম্বর হাদিসে এ বিষয়ে বর্ণনা রয়েছে।

বেশি বেশি দরুদ পাঠ: শুক্রবার রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। আবু দাউদের ১০৪৭ নম্বর হাদিসে এ বিষয়ে নির্দেশনা এসেছে।

জুমার নামাজ আদায়: প্রাপ্তবয়স্ক, সুস্থ ও শরিয়তসম্মতভাবে দায়িত্বপ্রাপ্ত মুসলিম পুরুষের জন্য জুমার নামাজ ফরজ। তাই যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা জরুরি।

গোসল করে পবিত্র হওয়া: জুমার নামাজে যাওয়ার আগে গোসল করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিরমিজির ৪৯২ নম্বর হাদিসে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

সুগন্ধি ব্যবহার: জুমার দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সুগন্ধি ব্যবহার করাও সুন্নত আমলের অন্তর্ভুক্ত। সহিহ বুখারির ৮৮০ নম্বর হাদিসে এ বিষয়ে বর্ণনা পাওয়া যায়।

আগে মসজিদে যাওয়া: জুমার নামাজের জন্য যথাসম্ভব আগে মসজিদে পৌঁছানোর চেষ্টা করা উচিত। এতে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

নামাজ ও জিকিরে সময় কাটানো: ইমাম খুতবার জন্য আসার আগ পর্যন্ত নফল নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতে সময় কাটানো উত্তম।

খুতবা মনোযোগ দিয়ে শোনা: ইমাম খুতবা দেওয়ার সময় সম্পূর্ণ নীরব থাকা এবং মনোযোগ দিয়ে বক্তব্য শোনা মুসল্লিদের দায়িত্ব। এ সময় কাউকে চুপ থাকতে বলাও অনর্থক কাজ হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে।

সুরা কাহফ তিলাওয়াত: জুমার দিন সুরা কাহফ পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, এ আমলের মাধ্যমে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নুর লাভের কথা বলা হয়েছে।

জুমার নামাজে নির্দিষ্ট সুরা পাঠ: রাসুলুল্লাহ (সা.) কখনো জুমার নামাজে সুরা আল-জুমুআ ও সুরা আল-মুনাফিকুন এবং কখনো সুরা আল-আলা ও সুরা আল-গাশিয়াহ তিলাওয়াত করতেন।

সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরা: জুমার নামাজে যাওয়ার সময় পরিষ্কার ও ভালো পোশাক পরিধান করা উচিত। শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখাও এ দিনের গুরুত্বপূর্ণ আদব।

মসজিদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা: মসজিদে সুগন্ধি ব্যবহার ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মুসল্লিদেরও এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

বেশি বেশি ইস্তিগফার করা: নিজের ভুল ও গুনাহের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনও বেশি বেশি ইস্তিগফার করা যেতে পারে।

মৃতদের জন্য দোয়া করা: প্রয়াত আত্মীয়স্বজন ও মুসলিমদের জন্য মাগফিরাত কামনা করা ভালো আমল। আল্লাহর কাছে তাদের ক্ষমা ও রহমত প্রার্থনা করা উচিত।

দোয়া কবুলের বিশেষ সময়ে প্রার্থনা: জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া কবুল হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। সহিহ মুসলিমের ১৮৫৮ নম্বর হাদিসে এ সময়ের কথা উল্লেখ করা হয়েছে। অনেক আলেমের মতে, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ।

জুমার দিনের এসব আমল পালনের মাধ্যমে একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টি ও বিশেষ রহমত লাভের চেষ্টা করতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫