Logo
×

Follow Us

সাম্প্রতিক

কাজী আবদুল ওদুদের সমাজচিন্তা

Icon

মুহম্মদ সাইফুল ইসলাম

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

কাজী আবদুল ওদুদের সমাজচিন্তা

কাজী আবদুল ওদুদ।

মুসলমানকে বাংলা, তথা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখতে শিখিয়েছিলেন কাজী আবদুল ওদুদ (১৮৯৪-১৯৭০)। হিন্দু ও মুসলমান মিলিয়ে বিশাল অখণ্ড বাংলা, তথা ভারতবর্ষ এই ছিল তার স্বপ্ন ও বাস্তব। কিন্তু তিনি লক্ষ করলেন, এই দুই-সম্প্রদায়ের মধ্যে যুক্তি-ভীত মানুষই নায়ক; যুক্তিস্রষ্টারা প্রায় অদৃশ্য। অতএব, যুক্তিস্রষ্টাদের বেছে নেওয়ার দরকার আছে। অন্ধকার থেকে এদের খুঁজে নেওয়ার এক নয়া পদ্ধতি বের করতে চাইলেন তিনি। 

একা ও একলা নয়, মননে-চিন্তায় সমতলীয় বন্ধুদের সঙ্গে। সেই কঠিন লগ্নে বুদ্ধির মুক্তি আন্দোলনের ডাক দিলেন তিনি, তাদের নিয়ে। ‘মুসলিম সাহিত্য সমাজ’ (১৯২৬) গড়তে চাইলেন। কেন? 

যুক্তি-ভীত মানুষের মধ্যে যে-অভ্যস্ততা গড়ে উঠেছে দীর্ঘকালের প্রশ্নহীনতায়, তার একমুখিনতা পীড়াদায়ক। আধুনিক জীবনমুখিনতায় এটা বাধা। কাজেই বৈচিত্র্যের মধ্যে জীবনকে স্থাপন করা চাই। যে কয়টি অমূল্য পদ্ধতির সন্ধান সেই দিনে তারা করেছিলেন সম্মিলিত প্রয়াসে, তার মধ্যে একটি এই যে, কাজী আবদুল ওদুদের ভাষায়, ‘আমাদের চিত্তে বল সঞ্চয় করুক এই নব বিশ্বাস যে, মানুষের চলার জন্য বাস্তবিকই কোনো বাঁধানো রাজপথ নেই, জগৎ যেমন এক স্থানে বসে নেই, মানুষও তেমনি তার পরিবর্তনশীল পরিবেষ্টনকে নিয়ে একস্থানে স্থির হয়ে নেই, আর এই পরিবর্তনশীল পরিবেষ্টনের ভেতর দিয়ে পথ করে যাওয়ার জন্য প্রয়োজন অন্ধ অনুবর্তিতা নয়, সদাজাগ্রতচিত্ততার।’ ‘অন্ধ অনুবর্তিতা’ মানে? কী বলতে চেয়েছেন ওদুদ?

অত্যন্ত পরিচ্ছন্ন ভাষায় তিনি বলেন, ‘বুদ্ধি বিচার প্রভৃতি মানুষের শ্রেষ্ঠ সম্বল বিসর্জন দিয়ে নতজানু হয়ে মহাপুরুষের পায়ে গড় হওয়া যে তারও প্রতি সত্যিকার শ্রদ্ধা নিবেদন নয়, তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন হচ্ছে, প্রকাণ্ড এই জগতের ওপর দাঁড়িয়ে তার সাধনাকে সকল প্রাণ ও মস্তিষ্ক দিয়ে গ্রহণ করায় এবং সেই অধিকারে, প্রয়োজন হলে, তাকে অতিক্রম করায়।’

এই বক্তব্য সে দিনের মুসলিম সমাজে যে অভাবিত হয়েছিল, ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর একাধিক নেতা তার শিকার হয়েছিলেন, ‘কাফের’, ‘নাস্তিক’ ও ‘ইসলামবিরোধী’ হিসেবে! এই বিষতপ্ত বাক্যের জবাবে আবদুল ওদুদ বলেন, ‘আমাকে অমুসলমান বলেছেন আমি কি তা পুরোপুরি তিনিই জানেন, যিনি আমার স্রষ্টা। অবশ্য আমি মুসলমান কি না এ কথা প্রমাণ করবার জন্য খুব ব্যস্ত আমি নই, কেননা মুসলমান-হিন্দু এসব হচ্ছে মানুষের সামাজিক ও শ্রেণিগত পরিচয়, আর আমি যখন একটি সমাজে বাস করি তখন সেই সমাজের পদবিটি আমার প্রাপ্য এ কথা প্রমাণ করবার জন্য ব্যগ্রতা অনাবশ্যক। 

তবে হজরত মোহাম্মদ মুসলমান বলতে এক বিশেষ গুণসমন্বিত মানুষ বুঝতেন; কিন্তু সে মুসলমান যে মুখে কলেমা পড়ে ও কাজে জ্ঞানহীনতা ও মিথ্যাচারের পরিচয় দিয়ে হওয়া যায় না, সে কথা হয়তো আপনারাও কম বোঝেন না।’ কী বলতে চেয়েছিলেন আবদুল ওদুদ?

যে-জাতি মিথ্যা প্রচারে বাধাহীন, রবীন্দ্রনাথের মতে, সেই জাতি আত্মঘাতী। বাঙালি সম্পর্কে রবীন্দ্রনাথ ২৮ জুলাই ১৯৩৬ সালে অমিয় চক্রবর্তীকে লেখা এক চিঠিতে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছিলেন। আসল কথা কী এটা নয় যে, যেখানে কলঙ্ক কিংবা শাস্তির আশঙ্কা নেই, সেখানে ধূর্ত লোকে নির্দ্বিধায় মিথ্যা প্রচার করে আনন্দ পায়। আমাদের স্থূল বুদ্ধি ধরতে পারে না, এই আনন্দ মূলত অন্যায়ের আগুন, যেটা পুড়ে ফেলে পুরো সমাজকে। কাজী আবদুল ওদুদ এই বক্তব্যটি পেশ করেছিলেন একটি অসামান্য বইতে। বইটির নাম ‘শাশ্বত বঙ্গ’। ক্লাসিক এই বইটির পরিচয় পাওয়া গেলে ওদুদের বক্তব্য বুঝে ওঠা কঠিন হবে না, মনে হয়। 

দুই

বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের বইটি সুপরিচিত। একটি কবিতাসমেত ৭৫টি প্রবন্ধ নিয়ে সংকলিত হয় এ বই। এটি প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩৫৮ সনে, কলকাতা থেকে। তার নবপর্য্যায় (১ম ও ২য় খণ্ড, ১৩৩৩ ও ১৩৩৬), রবীন্দ্রকাব্য পাঠ (১৩৩৪), সমাজ ও সাহিত্য (১৩৪১), হিন্দু-মুসলমানের বিরোধ (১৩৪৩), আজকার কথা (১৩৪৮), নজরুল প্রতিভা (১৩৫৫), স্বাধীনতা-দিনের উপহার (১৯৫১) প্রভৃতি বইয়ের নির্বাচিত প্রবন্ধ এবং বই আকারে অপ্রকাশিত কিছু প্রবন্ধ নিয়ে ‘শাশ্বত বঙ্গ’ সংকলিত হয়। 

শাশ্বত বঙ্গ বইটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, বইটির ঐতিহাসিক মূল্য। বিশ শতকের তৃতীয় দশকে ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলন সংঘটিত হয়। এ আন্দোলনকারী সংগঠনের নাম ছিল ‘মুসলিম সাহিত্য সমাজ’ ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। সংগঠনের নামে এ আন্দোলনের নেতারা পরিচিত ছিলেন। কাজী আবদুল ওদুদ ছিলেন এ আন্দোলনের প্রধান উদ্যোগী ও উদ্যমশীল ব্যক্তিত্ব। শুধু তা-ই নয়, তাকে বলা হয়েছে বিশ শতকের মুসলিম সমাজের সর্বশ্রেষ্ঠ ভাবুক ও চিন্তাবিদ। বিচার-বুদ্ধিকে সংস্কারমুক্ত ও গতিশীল করার প্রচেষ্টায় যেসব চিন্তা ও বক্তব্য নিয়ে কাজী আবদুল ওদুদ ও তার সহকর্মীদের অগ্রসর হতে দেখা যায়, ‘শাশ্বত বঙ্গ’ তার একটি মূল্যবান দলিল। 

শাশ্বত বঙ্গ  বইয়ের বক্তব্যে লক্ষ করা যায়, ভারতবর্ষে সুদীর্ঘকাল ধরে শাস্ত্রীয় মননের একটা ধারা সবেগে প্রবাহিত। আধুনিককালেও এ অঞ্চলের মানুষ যুক্তি-ভীত এবং কুসংস্কারে আচ্ছন্ন ও ভাববাদী চিন্তাভাবনায় অভ্যস্ত। এ মানসপ্রবণতা হিন্দু-মুসলিম উভয় সমাজকে সম্মোহিত করে রেখেছে, বিশেষ করে, মুসলিম সমাজকে। জন্ম আর মৃত্যু দিয়ে তো মানুষের জীবন পরিবেষ্টিত নয়। মানুষের জীবন অনন্ত সম্ভাবনাময়। অনন্ত সুখ-স্বপ্ন-স্বাদে মানুষের জাগতিক জীবন অপরূপ হয়ে দেখা দিয়েছে। একালের মানুষের চোখের সামনে খুলে গেছে বিশ্বব্রহ্মাণ্ডের অপূর্ব সৌন্দর্য আর অভাবিত সব তত্ত্ব ও তথ্যপঞ্জি।

মানুষের জীবনের এ অপরূপতা, ব্যাপকতা, জটিলতা ইত্যাদির ব্যাখ্যায় ও বিশ্লেষণে নিয়োজিত আজ তার বিজ্ঞান, দর্শন, সাহিত্য, ইতিহাস, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব, রাজনীতি সব বিদ্যা। ‘শাশ্বত বঙ্গ’ এসবের আলোচনায় প্রাণবন্ত।

তিন

কাজী আবদুল ওদুদের উদারনৈতিক মনোভাব এবং নিজের সমাজ ও সম্প্রদায়ের দৈন্যের জন্য আক্ষেপ এ বইয়ের উল্লেখযোগ্য দিক। পরিবেশের সঙ্গে তার সম্পর্ক গভীর ভালোবাসার, প্রেম তার বক্তব্যের এক প্রধান কেন্দ্রবিন্দু। ‘শাশ্বত বঙ্গ’ তাই সাজাত্যবোধের (Sense of homogeneity) দিক থেকেও এক অবিস্মরণীয় বই। বইটির নামকরণেও তার এ মনোভাব ফুটে বেরিয়েছে। কাজী আবদুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ অনৈতিহাসিক বাংলার জনপদ এবং আদর্শায়িত রূপকথার কাহিনি নয়। 

প্রকৃতপক্ষে এ বঙ্গে মানুষের জীবন দীনহীন ও নানা সংস্কারে পীড়িত। অনগ্রসরতার গ্লানি তার নিত্যসঙ্গী। কিন্তু তিনি সে দীনতাকে চিরস্থায়ী বলে মনে করেননি। তার বঙ্গ সম্ভাবনাময় ও সৃষ্টিশীল এবং প্রাণপদার্থে ঐশ্বর্যশালী ও অঢেল সম্পদে উর্বর।

‘শাশ্বত বঙ্গ’ বইয়ের বক্তব্যে লক্ষ করা যায়, উনিশ শতকের বাংলায় একটি রেনেসাঁস হয়, যার প্রধান নেতা ছিলেন রামমোহন রায়। রামমোহন রায়ের আদর্শ এবং তার অনুত্তেজিত সাহসী যুক্তিবাদিতাকে অত্যন্ত উচ্চমূল্য দেওয়া হয়েছে এ গ্রন্থে। আলোচনা করে দেখাবার চেষ্টা করা হয়েছে রামমোহন থেকে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলন পর্যন্ত যে সৃষ্টিশীল প্রয়াস, সেটা এই নবজাগরণের প্রেরণার ফল। 

ব্রাহ্মসমাজ তথা রামমোহন রায়ের পরে ইয়ংবেঙ্গল দলের মুখপাত্র ডিরোজিও, তত্ত্ববোধিনী সভার নেতারা, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, কেশবচন্দ্র সেন এবং মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, কাজী ইমদাদুল হক, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, কাজী নজরুল ইসলামসহ বুদ্ধির মুক্তি আন্দোলনের আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী প্রমুখের চিন্তাভাবনা ও কর্মপ্রয়াস বাংলার নবজাগরণে সহায়ক ভূমিকা পালন করে। 

সত্য যে, উল্লিখিত ব্যক্তিদের মধ্যে সবার গুরুত্ব সমান নয়, চিন্তা ও কর্মের বিবেচনায়। কেউ কেউ আছেন ‘অন্ধ অনুবর্তিতা’য় ভক্তিমান! ওদুদ কঠোরভাবে বিচারশীল সেখানে! কী রকম? ‘জ্ঞান ও প্রেম’ প্রবন্ধে ‘মোল্লা-পুরোহিত’ প্রসঙ্গে ওদুদের বক্তব্য, ‘আপনি যাকে বলছেন মোল্লা পুরোহিত, সেটি আসলে আমাদের দেশের বহু বিস্তৃত অজ্ঞতার পরিচয়চিহ্ন। যে-অজ্ঞতার জলাভূমিতে মোল্লা-পুরোহিত না গজায় তার ধ্বংস যদি না করতে পারেন, তবে মোল্লা-পুরোহিতের ওপরে খাপ্পা হয়ে লাভ?’

‘শাশ্বত বঙ্গ’ বইয়ে বাংলার জাগরণবিষয়ক আলোচনায় ইউরোপের উন্নত চিন্তাকে তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ব্রিটিশ শাসনের সংঘর্ষে সাংস্কৃতিক আন্দোলন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা নানা বিষয়ের চিন্তাভাবনা এবং বাংলা ভাষা ও সাহিত্য সৃষ্টিতে এ অঞ্চলের মুক্তিপ্রয়াসী মানুষের একটি অভাবিত প্রেরণা ও উজ্জীবনের কথা এ বইয়ে উচ্চারিত। 

কাজী আবদুল ওদুদ মনে করেন, এ জাগরণ আমাদের শিখিয়েছে স্বদেশপ্রেমে দোষ নেই, যতক্ষণ স্বাদেশিকতা না হয় বিশ্ববিমুখ। চিন্তার স্বাধীনতা, যুক্তিবাদিতা, বিবেক এবং বিচার-বুদ্ধির অনুশীলনে অনুপ্রাণিত ও শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয় এই নবজাগরণ। ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী, বলিষ্ঠ বুদ্ধি ও মনুষ্যত্বের আকাঙ্ক্ষা উনিশ শতকের বাঙালি মানসকে আকৃষ্ট করে; তাকে আলোড়িত করে তোলে মহৎ জীবন ও উন্নত জাতি গঠনের আকাঙ্ক্ষায়। তাই ভারতীয় প্রাচীন পাণ্ডিত্যের সঙ্গে ইউরোপীয় বিচার-পদ্ধতি ও উদার মানবতাবাদের শিক্ষা গ্রহণ করে এ শতকের শ্রেষ্ঠ মনীষীরা, যে শিক্ষা ছিল বাংলার নবজাগরণের মৌল ভিত্তি। এ বইয়ে কাজী আবদুল ওদুদ এই মহৎ শিক্ষার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।

চার

‘শাশ্বত বঙ্গ’ বইয়ের অপর একটি বক্তব্যও বিবেচনাযোগ্য। সমকালের হিন্দু-মুসলমান বিরোধ নিরসনে কাজী আবদুল ওদুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতবাসী হওয়া সত্ত্বেও মুসলিম সমাজ যখন কোনো কোনো ব্রিটিশ ঐতিহাসিক এবং ব্রিটিশ শাসকদের প্ররোচনায় নিজেদের আলাদা জাতি ভাবতে শুরু করে, কেননা তারা মনে করে যে, তারা আরব ও ইরানি রক্তের উত্তরাধিকার বহন করছে, তখন তিনি এ ধারণার বিরুদ্ধে কলম ধরেন। 

তিনি দেখাবার চেষ্টা করেন, ভারতবর্ষে হিন্দু আর মুসলমানের স্বাতন্ত্র্য নিশ্চিহ্ন হয়নি কোনো দিন, কিন্তু উভয় সমাজের শ্রেষ্ঠ চিন্তাভাবনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড মধ্যযুগে প্রায় একমুখী হয়ে পড়ে। এটা হবার কারণ, সাংস্কৃতিক আবহে তারা সাধারণভাবে ভারতবর্ষীয়। নৃতত্ত্বগত রক্তের বিতর্কের চেয়েও এটা বড় সত্য। এর প্রমাণ রয়েছে বাউল-সাহিত্য ও মুসলমান-বৈষ্ণব কবিদের রচনায়।

ইতিহাসের এ বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ‘শাশ্বত বঙ্গে’, যেমন গবেষণা করে দেখিয়েছেন ক্ষিতিমোহন সেন তার ‘মধ্যযুগে’ ভারতীয় সাধনার ধারা (১৯৩০) গ্রন্থে। 

কাজী আবদুল ওদুদের এ মহৎ প্রয়াস সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেন, এ দেশে হিন্দু-মুসলমান বিরোধের বিভীষিকায় মন যখন হতশ্বাস হয়ে পড়ে, এই বর্বরতার অন্ত কোথায় ভেবে পায় না, তখন মাঝে মাঝে দূরে দূরে সহসা দেখতে পাই দুই বিপরীত কূলকে দুই বাহু দিয়ে আপন করে আছে এমন এক-একটি সেতু। আবদুল ওদুদ সাহেবের চিত্তবৃত্তির ঔদার্য সেই মিলনের একটি প্রশস্ত পথ রূপে যখন আমার কাছে প্রতিভাত হয়েছে তখনই আশান্বিত মনে আমি তাকে নমস্কার করেছি। সেই সঙ্গে দেখেছি তার মননশীলতা, তার পক্ষপাতহীন সূক্ষ্ম বিচারশক্তি, বাংলা ভাষায় তার প্রকাশশক্তির বিশিষ্টতা। তাই একদিন সমাদরপূর্বক তাকে শান্তিনিকেতন আশ্রমে আহ্বান করেছি, অনুরোধ করেছি বিশ্বভারতীর বিদ্যাভবনে বক্তৃতা করার জন্যে। 

কাজী আবদুল ওদুদ অর্থনীতির ছাত্র ছিলেন, কিন্তু তার অনুরাগ ছিল সাহিত্যে। তার সাহিত্যবিষয়ক অনেক রচনা এ বইয়ে সংকলিত হয়েছে। রচনাগুলোতে দেখা যায়, সাহিত্য তার কাছে বিচ্ছিন্ন কোনো সৃষ্টি নয়। 

সাহিত্য সম্বন্ধে তার বক্তব্য : মানুষের জীবন অসম্পূর্ণ। মানুষ পূর্ণ জীবনের স্বপ্ন দেখে সাহিত্যে। সাহিত্যবিচারে তাই নান্দনিকতার গুরুত্ব স্বীকার করেও তিনি প্রধানত তার উপযোগিতা ও বক্তব্যের ওপর জোর দিতে আগ্রহী। 

রামমোহন রায় ছিলেন কাজী আবদুল ওদুদের প্রিয় ব্যক্তিত্ব। হয়তো এ কারণে তিনি তার বক্তব্যে সংহতি এবং চিন্তার পরিচ্ছন্নতায় রামমোহন রায়ের বিচারধারায় অনুপ্রাণিত ছিলেন। শুধু তা-ই নয়, রামমোহনের রচনারীতির প্রতিফলনও পরিলক্ষিত হয় কাজী আবদুল ওদুদের রচনায়। তবে বাংলা ভাষা ও সাহিত্য এবং উনিশ ও বিশ শতকের চিন্তাভাবনা, বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যে তার রচনার স্থান সম্পর্কে অবহিত হওয়ার জন্য ‘শাশ্বত বঙ্গ’ পড়তে হয়। আর তা পড়তে গেলে পাঠক-মনে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজ্ঞাসা ও চিন্তার উদ্রেক করে; একই সঙ্গে পরিচয় ঘটে একজন সবল চিন্তাশীল ব্যক্তিত্বের সঙ্গে, যার সাহস এবং সত্যের প্রতি আগ্রহ পাঠক-মনকে সম্ভ্রম আর শ্রদ্ধাশীল করে তোলে। এ অভিজ্ঞতা মুক্তবুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে দুর্লভ!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫