Logo
×

Follow Us

রাজনীতি

বৃহস্পতিবার বিক্ষোভ করবে কৃষক দল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

বৃহস্পতিবার বিক্ষোভ করবে কৃষক দল

জাতীয়তাবাদী কৃষক দলের লোগো।

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে নির্যাতনের পর হত্যা এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দল নেতা জুয়েল আরমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী কৃষক দল। 

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন কৃষক দলের শীর্ষ দুই নেতা। একই সঙ্গে পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

কৃষক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা তিনটায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, খুন-খারাবির মাধ্যমে দেশে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী সব সময় সক্রিয় রয়েছে। রাজু মোল্লাকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা তারই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের রুখে দিতে হবে। 

তিনি রাজু মোল্লার হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অন্যদিকে কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে জানান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

বিবৃতিতে এ দুই নেতা বলেন, দেশে অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। জুয়েল আরমানের ওপর হামলা সেই তৎপরতারই অংশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নৈরাজ্য ও অস্থিতিশীলতা প্রতিরোধে সরকারকে সন্ত্রাস দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫