Logo
×

Follow Us

রাজনীতি

সংসদে শফিকুর

১৯ তারিখ ঘিরে বড় ‘নাশকতার পরিকল্পনা’ চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

১৯ তারিখ ঘিরে বড় ‘নাশকতার পরিকল্পনা’ চলছে

আগামী ১৯ তারিখকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা চলছে—এমন তথ্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

মঙ্গলবার সংসদে এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি গোপালগঞ্জের অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন।

তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান।

জামায়াতের এ নেতা বলেন, “আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে, আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে।” 

তার দাবি, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় আগুন দেওয়া হবে, তা আগেই ঘোষণা করা হয়েছে।

সরকারের কাছে এ বিষয়ে তথ্য থাকার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “পরিস্থিতি যদি বাস্তবে না ঘটে, তাহলে সেটি ভালো। তবে এ বিষয়ে সরকার ও সংসদের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন।” এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিস্থিতি সম্পর্কে বক্তব্যের আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, “গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতার ঘটনায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ হিসেবে ডিসি, এসপি ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার বিষয়টি তারা দেখেছেন।” এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, “গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। আজ একটি থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা সংসদকে জানাতে হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতির প্রসঙ্গ তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক, নিরীহ আছেন; তাদেরকে রক্ষা করা সরকারের এবং আমাদের সবার সামগ্রিক দায়িত্ব।”

নিজেকে ক্ষুদ্র চিকিৎসক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “এই বিষফোড়ার পুঁজ যখন রক্তে চলে যায়, তখন গোটা দেহে ছড়িয়ে পড়ে। এই পুঁজ রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।”

শফিকুর রহমান বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসে না। সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষের জীবন কেড়ে নেওয়া কিংবা ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে আর বসে থাকার সময় নেই। এসবের প্রতিকার করতে হবে।”

বক্তব্যের শেষে বিরোধীদলীয় নেতা বলেন, “প্রতিকার চাই।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫