Logo
×

Follow Us

রাজনীতি

আসিফ মাহমুদ

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দিন, সব ঠিক করে দিচ্ছি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দিন, সব ঠিক করে দিচ্ছি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ঠিক করে দিতে’ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রবিবার (১৫ নভেম্বর) বেলা ৩টা ২৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’ দেশজুড়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এনসিপির এ নেতা এমন মন্তব্য করেছেন।

এ ছাড়া গোপালগঞ্জে চলমান উত্তেজনার মধ্যেই আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন। আজ গোপালগঞ্জে দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। তাদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা এবং একটি সুপারশপে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

জানা যায়, আওয়ামী লীগের শত শত কর্মী জেলা শহরের বিভিন্ন স্থানে সমবেত হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। তারা বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন লাগান। এ পরিস্থিতিতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

এ বিক্ষোভের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, দোকানপাট সাময়িক বন্ধ রাখা হয় এবং পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫