Logo
×

Follow Us

রাজনীতি

নিষিদ্ধ আ.লীগের হামলার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

নিষিদ্ধ আ.লীগের হামলার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতীম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব উল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারে স্ত্রীসহ ভ্রমণের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর এই গুপ্ত হামলা চালায় ও চাকু দিয়ে আঘাতের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে রাধানগর এলাকায় টমটমে করে স্ত্রীসহ বালিশিরা রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিলেন হাসিব উল ইসলাম। পথিমধ্যে একদল যুবক তাদের পথ রোধ করে। প্রথমে এক যুবক কুশল বিনিময়ের ভঙ্গিতে এগিয়ে এসে হঠাৎ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং হাসিবকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা চালান। এ সময় হাসিব দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান।

এ ঘটনায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

এনসিপির দাবি, হাবিবের নেতৃত্বেই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী দাবি করেছেন, ঘটনাটি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই ঘটিয়েছে। তবে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় হাসিব আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনির্বাণ দাস জানিয়েছেন, হাসিব উল ইসলাম নামে কেউ চিকিৎসা নিতে সেখানে আসেননি।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হাসিবের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫