আপাকে ফাঁসির মঞ্চে ওঠাতে আমরা প্রস্তুত: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি।
তিনি বলেন, ‘‘আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’’
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘আজ ৭ নভেম্বর ঐতিহাসিক দিন। আমরা ৭ নভেম্বরকে বিপ্লব মনে করি, ২০২৪ সালকেও বিপ্লব মনে করি। সরকারের পক্ষে গেলে বিপ্লব, না গেলে গণআন্দোলন।’’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে। আপনারা কি প্রস্তুত আছেন? জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবারও কি সেভাবে প্রস্তুত আছি? এবার কি আগের চেয়ে বেশি হবে না কম হবে?’’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
