Logo
×

Follow Us

রাজনীতি

২৪-এর গণ-অভ্যুত্থান মানে না বিএনপি: হাসনাত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

২৪-এর গণ-অভ্যুত্থান মানে না বিএনপি: হাসনাত

শনিবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

৭ নভেম্বরকে বিএনপি বিপ্লব হিসেবে উদযাপন করলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দলটির দ্বিচারিতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘‘রাজনৈতিক সুবিধা বিবেচনা করে বিএনপি ইতিহাসের ঘটনাগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। ৭ নভেম্বরকে বিপ্লব বলা হলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বিপ্লব বা গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিতে দলটির অনীহা রয়েছে।’’

শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘বিএনপির ভাষ্য অনুযায়ী, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিকদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল। এতে আপত্তির কিছু নেই। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদের অংশগ্রহণ ছিল। এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও অর্জন থাকার পরও বিএনপি একে গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিতে চায় না।’’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, ‘‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ‘বাকশাল টু’ থেকে মুক্তি পেয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার সুযোগ ও বাক‌স্বাধীনতার পরিসর তৈরি হয়েছে। অথচ বিএনপি এই অর্জন যথাযথভাবে স্বীকার করতে চায় না।’’

বিএনপির সমালোচনা করে হাসনাত বলেন, ‘‘৭ নভেম্বরের ঘটনায় জিয়াউর রহমানকে কেন্দ্র করে দলটি একক মালিকানা দাবি করতে পারে। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের একক মালিকানা কারও পক্ষে দাবি করা সম্ভব নয়। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ইতিহাসের সুবিধাজনক ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’’

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘দায়িত্ব নেওয়ার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও মূল্যস্ফীতি কমেনি। নির্বাচনি প্রতিশ্রুতিতে মূল্যস্ফীতি এক অঙ্কে নামিয়ে আনার কথা বলা হলেও তা ১২ শতাংশের ওপরে রয়েছে।’’ আগামী এক বছর প্রশাসন, অর্থনীতি ও বিভিন্ন নীতিক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে তারেক রহমানের সামনে এখনো ইতিহাসের দেওয়া সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন হাসনাত।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আগে দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। হাসনাত বলেন, ‘‘দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার শেষে কারা অপরাধী, কারা নন, তা আদালত নির্ধারণ করবে। এরপর দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসবে।’’

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫