Logo
×

Follow Us

রাজনীতি

গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: টাফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: টাফ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের লোগো।

চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে ন্যায়সঙ্গত আখ্যা দিয়ে তাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। একই সঙ্গে আন্দোলনে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

রবিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমির আব্বাস চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয় ও সন্তানদের শিক্ষার খরচসহ জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বাড়ায় গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মানুষের জীবন আজ বিপর্যস্ত। সরকার সরকারি আমলা ও কর্মচারীদের বেতন-ভাতা শতগুণ বৃদ্ধি করে তা কার্যকর করলেও বেসরকারি শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রয়োজনীয়তাকে কোনো অগ্রাধিকার দেয়নি।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, তীব্র মূল্যস্ফীতির কারণে ইতিমধ্যেই শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পেয়ে ক্রয়ক্ষমতা কমে গেছে। সরকার ও মালিকপক্ষ এ বিষয়ে অবগত থাকলেও কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে সময়ক্ষেপণ করেছে। আজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হলেও, মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে নামা বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। চালানো হয়েছে লাঠিচার্জ এবং করা হয়েছে গ্রেপ্তার। 

টাফের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়।

বিবৃতিতে গার্মেন্টস শিল্পে কার্যকর সংস্কার ও অধিকার নিশ্চিত করতে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—গার্মেন্টস শিল্পে কর্মরত প্রতিটি শ্রমিককে নিয়োগপত্র প্রদান, ওভারটাইম করতে বাধ্য না করা, দৈনিক ৮ ঘণ্টার কর্মদিবস কার্যকর করা এবং মনুষ্যোচিত মজুরি প্রদানের ব্যবস্থা করা।

এ ছাড়াও শিল্প কল-কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির স্বার্থে শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার দাবি জানান নেতারা। একই সঙ্গে কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ করা থেকে কর্তৃপক্ষকে বিরত থাকা এবং সাপ্তাহিক ছুটি বাস্তবিকভাবে কার্যকর করার তাগিদ দেন তারা।

গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য পেশার শ্রমিকদেরও ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, বাংলাদেশে বিদ্যমান চরম মজুরি শোষণের অবসান ঘটাতে হবে এবং মজুরি দাসত্বের শৃঙ্খল থেকে শ্রমজীবী জনগণকে মুক্ত করার সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫