ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
প্রতিটি মানুষের মধ্যে গল্প থাকে
প্রতিটি গল্পের ভেতর মানুষ
তারা গাছের ছায়ায় নদীর তীরে বসত গড়ে
তারা একজন আরেকজনকে আঁকড়ে রাখে
ভালোবাসা বিরহকাতর রাত্রি জাগে
কান্নাহাসির দিগন্তরেখা ছায়াপথ
দৃষ্টিসীমায় হেসে-খেলে যেতে যেতে
আগামীকে বপন করে মানুষের ভেতর
প্রেম অপ্রেমে কাতর উল্কাপাত।
মানুষ মানুষের কাছে যায়
শত প্রত্যাশায় ভালোবেসে গল্প শোনে
গল্প শোনায় অব্যক্ত বিকেলের হলুদ আলোয়
সে গল্পের কোনোটি জেগে থাকে নক্ষত্রের জমিনে
গান যেমন কথা বলে বাঁশির সুরে সুরে বুকে স্বপ্নদোলা।
অনেক গল্পের ভিড়ে কারো গল্প হয় না শোনা
বলা হয় না বুকের দরজা খুলে আগলিয়ে জীবনপাঠ
কী হবে শত অভিযোগ আর প্রত্যাশার লাইন গুনে
প্রতারিত মরুপথ মরূদ্যান হোক তেপান্তর মাঠ
আর এভাবেই গল্পের ভেতর গল্প নিশ্চুপ জেগে থাকে
গল্পের ভেতর গল্প মরে যায় একলা অভিমানে।
