Logo
×

Follow Us

কবিতা

অভিমান

Icon

রীমি ফেরদৌসী

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

অভিমান

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি, ইনসেটে কবি রীমি ফেরদৌসী।

চাপা স্বভাব আর অভিমান

এই দুটোই আমার নিজস্ব।

বুকের মধ্যিখানে অপ্রকাশিত কথামালা

কেউ শোনেনি কোনো দিন।

দুঃখ পুষে রেখে কীভাবে হাসতে হয়

অথবা বলতে পারো দাঁত খেলানো

যে নামেই ইচ্ছে বলতে পারো

সে অভিনয়টা একেবারে ছোট থেকেই রপ্ত ছিল।

কেউ নেই শোনার মতো ঠিক তা নয়

তুমি ছিলে, অবশ্য রয়েছ এখনো

সেটা আকাশ বাতাস ধ্বনিতে বাজে

শুধু বুকের ভেতরে হৃদয় ছুঁতে পারোনি আজও।

জীবন সায়াহ্নে দাঁড়িয়ে মনে হয়

এই অভিমানটাই শুধু আমার

বাকি সব, সময়ের নাকি জীবনের

সত্যি, এখনো জানি না!

তুমি হয়তো পারতে, অভিমান সরিয়ে

সাদা নীলে মেশানো আকাশের মতো

উদার হতে, ভেতর থেকে জাগিয়ে

সুন্দর সময় উপহার দিতে।

অথচ তুমি পারোনি,

হয়তো ইচ্ছে ছিল না তেমন!

জীবনের হিসাব মেলে না আর

অভিমানের অভিনয়ে বেলা শেষ প্রায়

পারলে অস্ত যাওয়ার আগেই

যবনিকা পতনের পূর্বে

বেহিসাবি আমায়

হিসাব করেই বিদায় দিও।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫