ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
ওক কাঠের চেয়ারে বসে দোলে বৃদ্ধ শীত।
দেয়ালঘড়ি নিদ্রা ভেঙে
লিভিংরুমে বেসুরো গায় ভয়ের সংগীত।
চায়ের কাপ ধুলোর নিচে গভীর ঘুমে ডুব।
জলের কলে কষ্ট বাজে
শূন্য বায়ু শব্দ করে কাঁদছে একা খুব।
নীল তোয়ালে উর্বশীদের দিচ্ছে মুছে ঠোঁট।
স্নানের ঘরে রক্ত ঝরে
মেনকাদের সন্ধ্যাবেলা কেউ কি দিল চোট?
কার্পেটে পা মোছে বাতাস শূন্য হাহাকার।
শুভ্র ঢেউ, পর্দা ওড়ে,
নষ্ট টিভি জানালো কোন দুঃখ সমাচার?
গহিন শীতে ডুব দিয়েছে ইলেকট্রিক স্টোভ।
সুইচ টিপি, সিলিং ফ্যান
তারস্বরে রেগে জানায় পুঞ্জীভূত ক্ষোভ।
আমার সাথে আমি এখন বসেছি মুখোমুখি।
নিজের ছায়া ভেংচি কাটে
কোন সাহসে যুদ্ধবাজ ছায়া-সঙ্গী রুখি।
