Logo
×

Follow Us

অন্যান্য

দেশের সব ‘অবৈধ ইটভাটা’ বন্ধের নির্দেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

দেশের সব ‘অবৈধ ইটভাটা’ বন্ধের নির্দেশ

সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, আইনজীবী সঞ্জয় মণ্ডল ও আইনজীবী নাসরিন সুলতানা। অন্যদিকে ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চাওয়া হয়। 

তবে আদালত আগের রায় বহাল রাখলে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন করে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করা হয়। পরে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।

ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকেরা একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের প্রার্থনা করেন। তবে চেম্বার জজ কর্তৃক কোনো স্থগিতাদেশ পাননি তারা। ওই আপিলগুলো পরবর্তীতে আপিল বিভাগে খারিজ হয়।

বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকেরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছেন মর্মে সংবাদ পেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি আবেদন দাখিল করা হয়। এতে আদালতে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়।

আজ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে এই আবেদনের ওপর শুনানি হয়। আদালত সব পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে বাংলাদেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে পদক্ষেপ নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫