সরকার ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। ৪ নভেম্বর প্রথম সভা হয়েছে, ৯ নভেম্বর বসছে দ্বিতীয় সভা। জানুয়ারি থেকে নতুন হারে বেতনের আশ্বাসও দেওয়া হয়। শিল্পাঞ্চলে কারখানা আবার খুলেছে। তবু ৮ নভেম্বরও সাভার-আশুলিয়ার অন্তত ২০টি কারখানায় ছুটি দিতে হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে। সকালে কাজে ঢুকে দুপুরে আবার রাস্তায় নেমেছেন শ্রমিক। আশ্বাসে যে আস্থা ফেরেনি, সেটা স্পষ্ট।
আস্থা না ফেরার কারণও স্পষ্ট। সংশোধিত শ্রম আইনে তিন বছর পর পর মজুরি পর্যালোচনার বিধান আছে। সেই হিসাবে এ বছরই বোর্ড হওয়ার কথা। অথচ বোর্ড এলো শ্রমিক রাস্তায় নামার পর, কারখানা বন্ধ হওয়ার পর। ফেব্রুয়ারির নির্বাচনের আগে ক্ষমতাসীন দল মূল্যস্ফীতির সঙ্গে মজুরি মেলানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পালনের উদ্যোগ নিজ থেকে আসেনি। এসেছে চাপে। শ্রমিক জানেন, রাস্তা ছাড়লে ফাইল আটকে যায়।
হিসাব যা বলছে
৩০ হাজার টাকার দাবি আকাশ থেকে পড়েনি। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে চার বছর ধরে দেশে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে। অর্থাৎ প্রতি মাসেই শ্রমজীবী মানুষের প্রকৃত আয় কমেছে। গত সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের ২০২৫ সালের হিসাবে ঢাকায় চার সদস্যের পরিবারে একজন শ্রমিকের জীবনধারণ মজুরি ৩০ হাজার ৪৫৯ টাকা। শ্রমিকের দাবি প্রায় সেই অঙ্কেই দাঁড়িয়েছে।
বেশি নয়, বরং কিছুটা কম। পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে শ্রমিক সংগঠনগুলো দেখাচ্ছে, শহরের একটি পরিবারের গড় মাসিক খরচ ৩৭ হাজার টাকার বেশি। হিউম্যান রাইটস ওয়াচকে এক সেলাই অপারেটর জানিয়েছেন, সাড়ে ১৩ হাজার টাকা আয়ের ছয় হাজার যায় ঘরভাড়ায়। এ বছর সন্তানদের স্কুলের খরচ জোগাতে পারছেন না তিনি।
রান্নার গ্যাসের কথাই ধরা যাক। আন্দোলনের মাঝখানে ২ নভেম্বর এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে দুই হাজার ৬০ টাকা করেছে। চলতি বছরের ১০ মাসেই বেড়েছে ৭৫৪ টাকা। বাজারে সেই সিলিন্ডার কিনতে হচ্ছে আরো কয়েকশ টাকা বেশি দিয়ে। রাষ্ট্রের ঠিক করা দাম থাকে বিজ্ঞপ্তিতে। শ্রমিকের পকেট থেকে টাকা যায় বাজারের দামে।
যে শিল্পের জন্য এই শ্রম, তার আকারও মনে রাখা দরকার। ২০২৫-২৬ অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানির মধ্যে ৩৮ বিলিয়ন ডলার এসেছে পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিকের অর্ধেকের বেশি নারী। রিজার্ভ, বিনিময় হার, আমদানির ডলারসহ সবকিছুর ভার এই কাঁধে। অথচ এই মানুষরা মাস শেষ করেন ধার করে, খাবার কমিয়ে।
মালিকদের সংকটও বাস্তব। গ্যাস-বিদ্যুতের ঘাটতি আছে, ব্যাংকঋণের খরচ বেড়েছে, বিদেশি ক্রেতারা দাম বাড়াতে চান না। কিন্তু ভিয়েতনামের দিকে তাকালে প্রশ্নটা অন্যভাবে দাঁড়ায়। সেখানে ২০২৬ সালে বড় শিল্পাঞ্চলের ন্যূনতম মজুরি মাসে ৫৩ লাখ ১০ হাজার ডং, প্রায় ২০০ ডলার। বাংলাদেশের প্রায় দ্বিগুণ। তবু পোশাক রপ্তানিতে ভিয়েতনাম আমাদের কড়া প্রতিদ্বন্দ্বী। অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার আলোচনায় যুক্ত একজন সম্প্রতি এমন এক মালিকের উদাহরণ দিয়েছেন, যিনি দুই দেশে একই পণ্যের কারখানা চালান। ভিয়েতনামে তিনি মজুরি দেন দ্বিগুণ, লাভও করেন বেশি।
রহস্যটা মজুরির বাইরে। বিশ্বব্যাংকের লজিস্টিকস সূচকে ২০২৩ সালে ভিয়েতনাম ছিল ৪৩তম, বাংলাদেশ ৮৮তম। বন্দরে কনটেইনারের দীর্ঘ অপেক্ষা, কাস্টমসের ফাইল আটকে থাকা, হঠাৎ অচল স্ক্যানার, ‘সার্ভার ডাউন’ বলে ডিজিটাল কাজ আবার হাতে ফিরিয়ে আনা, প্রতিটি ধাপে ঘুষের স্তর। এসবের দাম দিতে হয় সময় আর অনিশ্চয়তায়। সেই ক্ষতি পোষানোর সবচেয়ে সহজ উপায় শ্রমিকের মজুরি চেপে রাখা। অর্থাৎ আমাদের প্রতিযোগিতার আসল বোঝা শ্রমিকের বেতন নয়, শাসনের উপরি কামাই। তাজরীনে ১১২ জন আর রানা প্লাজায় এক হাজার ১৩৪ জনের মৃত্যু সেই বোঝারই ভয়ংকর রূপ ছিল।
কে কার প্রতিনিধি
এবারের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হয়তো এখানে। বড় শ্রমিক ফেডারেশনের নেতারা বোর্ড গঠনের পর শ্রমিকদের কাজে ফিরতে বলেছিলেন। শ্রমিকরা শোনেননি। নারায়ণগঞ্জের এক ইউনিয়ন নেতা খোলাখুলিই বলেছেন, আন্দোলনকারীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। অনেক কারখানাভিত্তিক শ্রমিক ইউনিয়ন মালিকের প্রভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ পুরোনো। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধির একজন আবার ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের সভাপতি।
তাহলে শ্রমিক কার কাছে নিজের কথা বলবেন? মালিক তাকে দেখেন উৎপাদনের খরচ হিসেবে। সরকার দেখে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে। দল দেখে ভোটের সংখ্যা হিসেবে। নিজের সংগঠনও যখন দূরে সরে যায়, তখন রাস্তাই হয়ে ওঠে একমাত্র সংসদ। এটা বিশৃঙ্খলা নয়, প্রতিনিধিত্বের সংকট। রাষ্ট্রের যে কাঠামো দেশের প্রধান উৎপাদক শক্তিকে নিজের কথা বলার জায়গা দিতে পারে না, সেই কাঠামোর সংকট।
জুলাইয়ের অসমাপ্ত প্রশ্ন
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে শ্রমিকও রাস্তায় ছিলেন, রক্তও দিয়েছেন। গাজীপুরের পোশাক শ্রমিক আবদুল আজিজ ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি এখন জুলাই শহীদের তালিকায়। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব শ্রমিকের হাতে ছিল না। ছিল শহুরে মধ্যবিত্তের দোদুল্যমান হাতে। ফলে শাসক বিদায় নিলেও শাসনের ব্যবস্থা প্রায় অক্ষত থেকে গেছে।
ব্যাংকের টাকা কে পাবে, সরকারি প্রকল্পের লাভ কার ঘরে যাবে, কোন আমদানির সুবিধা কার হাতে থাকবে—এসব সিদ্ধান্ত এখনো নেয় সেই ক্ষমতাবান চক্র, যারা উৎপাদনে নয়, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভাঙিয়ে সম্পদ জমায়।
যাদের ত্যাগের ওপর কয়েক দশক অর্থনীতি চলল, তাদের জন্য কোনো বিকল্প পথ বা বয়সকালের নিরাপত্তাবেষ্টনী গড়া হয়নি। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের কেউ ভাতের কষ্টে নেই। কিন্তু জুলাইয়ে যে শ্রমিক গুলির সামনে দাঁড়িয়েছিলেন, তার থালা আগের মতোই অর্ধেক খালি।
এই সস্তা শ্রমের উৎসও খুঁজতে হবে গ্রামে। আজ যারা কারখানায় সেলাই করেন, তাদের প্রায় সবার পরিবার একসময় কৃষির ওপর দাঁড়িয়ে ছিল। বাজারনির্ভর কৃষির খরচ, নদীভাঙন, জমি হারানো তাদের ঠেলে দিয়েছে শহরের কারখানায় কিংবা ঋণ করে মধ্যপ্রাচ্যে। মাঠে যে লাউ কৃষক কয়েক টাকায় ছেড়ে দেন, শহরে তা বিকোয় বহু গুণ দামে। মাঝের লাভ যায় মধ্যস্বত্বের হাতে। তাই কৃষক, জেলে বা মিস্ত্রি কেউ চান না সন্তান তার পেশায় আসুক।
যে কাজে মানুষের হাত লাগবেই, সেই কাজের আয় আর সম্মান আমরা তলানিতে রেখে দিয়েছি। পোশাক রপ্তানি আর প্রবাস আয়, অর্থনীতির এই দুই খুঁটিই দাঁড়িয়ে আছে উৎপাদনের ভিত্তি হারানো মানুষের সস্তা শ্রমের ওপর। মজুরির প্রশ্ন তাই কৃষির প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, শেষ বিচারে রাষ্ট্রের চরিত্রের প্রশ্ন।
গণসার্বভৌমত্বের প্রশ্ন
গণসার্বভৌমত্ব মানে কেবল পাঁচ বছর পর পর শাসক বেছে নেওয়া নয়। এর মানে, রাষ্ট্রের ক্ষমতার উৎস জনগণ এবং সেই ক্ষমতা কীভাবে গঠিত হবে, কার জীবন রক্ষায় ব্যবহৃত হবে, সে সিদ্ধান্তেও জনগণের কর্তৃত্ব থাকবে। যে রাষ্ট্রে দেশের ৮০ শতাংশ রপ্তানি আয়ের কারিগররা নিজের মজুরি ঠিক করার টেবিলে কার্যত অনুপস্থিত, সেখানে সার্বভৌমত্বই খণ্ডিত হয়। ভোটের দিনে নাগরিক, বাকি দিনে শ্রমের যন্ত্র, এই দ্বিখণ্ডিত মানুষ নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়ায় না।
গণরাজনীতি তাই দলীয় পৃষ্ঠপোষকতার রাজনীতি নয়, দাতানির্ভর সংগঠনের রাজনীতিও নয়। এই রাজনীতি গড়ে ওঠে কারখানার মেঝে থেকে, শ্রমিকের নিজের সংগঠন আর নিজের নেতৃত্বের ভেতর দিয়ে।
এই জট খোলার দায় সরকারের একার নয়, বিরোধী দলেরও। অথচ দুই পক্ষের রাজনীতির বড় অংশ এখনো একে অপরকে রেটরিক দিয়ে ঘায়েল করায় ব্যস্ত। মজুরি, দাম আর উৎপাদনের হিসাব সেখানে পেছনের সারিতে। মানুষ জুলাইয়ে রক্ত দিয়েছিল শুধু একটি সরকার পরিবর্তনের জন্য নয়; বরং অসহনীয় জীবন থেকে মুক্তি পেতে।
মজুরি বোর্ড একটি অঙ্ক ঘোষণা করবে। সেটা ৩০ হাজার হবে কি না, কেউ জানে না। কিন্তু অঙ্ক যা-ই হোক, প্রশ্ন থেকে যাবে। শ্রমিক কি কেবল উৎপাদন করে যাবেন, নাকি উৎপাদনের অভিমুখ, সম্পদের বণ্টন আর রাষ্ট্রের নীতিতেও তার অধিকার প্রতিষ্ঠিত হবে? এই প্রশ্নের মীমাংসা না হলে তিন বছর পর আবার একই রাস্তা, একই কাঁদানে গ্যাস, একই ষড়যন্ত্রের গল্প ফিরে আসবে।
