বছরের যে কয়টি দিন জাতির জীবনে গুরুত্বপূর্ণ, তার মধ্যে ১৭ নভেম্বর অন্যতম। এই দিনটি আফ্রো-এশিয়া-লাতিন আমেরিকার জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের মহান নেতা বাংলাদেশেরই সন্তান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী। অনাড়ম্বরতা, দেশপ্রেম ও সহজ-সরল জীবনযাপনের জন্য মওলানা ভাসানী আমাদের কাছে অনুসরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি শুধু আমার কাছেই নন, অনেকেরই প্রিয় ব্যক্তিত্ব। ভাসানীর সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ গড়ে না উঠলেও কিশোর বয়সেই তার জীবন ও কর্ম আমাকে গভীরভাবে প্রভাবিত করে।
সংগত কারণেই আমি ভাসানী অনুসারী হয়ে উঠি ও একটু বড় হয়েই ভাসানীপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ি এবং ছাত্ররাজনীতির প্রথম সারির কর্মী হিসেবে নেতৃত্ব দেই। তবে আজ মওলানা ভাসানীকে নিয়ে লিখতে বসিনি। আমার মননে তার প্রভাবের কথা উল্লেখ করলাম এ কারণে যে, ছয় বছর আগে এই ১৭ নভেম্বরেই ভাসানীর একজন অন্যতম প্রধান সহচর চলে গেছেন না ফেরার দেশে।
তিনি ঝিনাইদহের জাহিদ হোসেন মুসা, যিনি মুসা মিয়া নামেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমধিক পরিচিত। মওলানা ভাসানীর মতো মুসা মিয়াও সারাজীবন দেশপ্রেম ও গণমানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত রেখেছেন। জমিদার পরিবারের সন্তান হয়েও বিলাসিতাকে জীবনের লক্ষ্য করেননি; বরং গণমুখী চিন্তা ও কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়েছেন। ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকেছেন। পাশাপাশি লিখেছেন বিদ্রোহ ও বিপ্লবের কবিতা, রচনা করেছেন গান। তার লেখার মূল উপজীব্য ছিল মানবতা ও দেশপ্রেম। তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘অনেক দেরীতে’।
১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার কালীগঞ্জের পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাহিদ হোসেন মুসা। শৈশব থেকেই সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল। ঝিনাইদহের ওয়াজির আলী জুনিয়র মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করে পরে স্থানীয় ইংলিশ হাই স্কুলে ভর্তি হন। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করেন। ছাত্রজীবনে স্কাউটিং ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
সিরাজ-উদ-দৌলা নাটকে নাম-ভূমিকায় অভিনয় করেছেন। কবিগান, পালাগান ও যাত্রাপালার প্রতিও ছিল তার গভীর অনুরাগ।
বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে জাহিদ হোসেন মুসা রাজনৈতিকভাবে আরো পরিণত হয়ে ওঠেন। তখন তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের যশোর জেলা শাখার প্রচার সম্পাদক। ঝিনাইদহে ভাষা আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্বও তার ওপর বর্তায়। তার উদ্যোগে সেখানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
গোলজার হোসেন সভাপতি এবং পরবর্তী সময়ে মন্ত্রী হওয়া আনোয়ার জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্থানীয় ছাত্রদের সংগঠিত করে মিছিল, সভা, হরতাল ও প্রচার কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হাতে লেখা পোস্টার তৈরির জন্য সামান্য অর্থে আলতা কিনে তুলার কাঠি দিয়ে স্লোগান লিখতেন তারা। যশোর এমএম কলেজের হোস্টেলে বসেই চলত এসব প্রস্তুতি। একটি মফস্বল শহরে ভাষার দাবিতে জনমত গঠনে তার এই ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ছয় দফা এবং উনসত্তরের গণ-অভ্যুত্থানেও তার সক্রিয় ভূমিকা ছিল। ১৯৫৭ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠিত হলে তিনি ঝিনাইদহে দলটির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন।
১৯৭৩ সালে ঝিনাইদহ ন্যাপের সভাপতির দায়িত্ব পালনকালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী কারচুপির নির্বাচনে তাকে হারানো হয়।
মওলানা ভাসানীর সঙ্গে মুসা মিয়ার ছিল বিশেষ সম্পর্ক। ভাসানী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সফরে গেলে ঝিনাইদহে তার বাড়িতেই থাকতেন। শুধু ভাসানীই নন, শেখ মুজিব, আব্দুল হক, কাজী জাফর, রাশেদ খান মেনন, হেমন্ত সরকারসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের যাতায়াত ছিল তার বাড়িতে। রাজনৈতিক মতাদর্শের চর্চা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের বাড়িকে পরিণত করেছিলেন রাজনৈতিক যোগাযোগ ও আলোচনার এক গুরুত্বপূর্ণ পরিসরে।
জাহিদ হোসেন মুসার সঙ্গে আমার পরিচয় মাত্র এক যুগ আগে। অথচ মনে হয়, তিনি আমার কত আপন ছিলেন, যেন দীর্ঘদিনের সম্পর্ক। সে সময় তিনি অবসর জীবনযাপন করছিলেন; আত্মজীবনী লিখছিলেন। পরিচয়ের প্রথম দিনেই আমাকে খুব আপন করে নেন। আমিও যেন তার মধ্যে মওলানা ভাসানীর সাক্ষাৎ পেলাম। সেই সরলতা, সেই স্নেহময়তা, সেই অনাবিল আন্তরিকতা। শিগগিরই আমি তার লেখা কবিতার বইয়ের দ্বিতীয় সংস্করণের কাজে যুক্ত হই।
একবার তাকে নিয়ে গিয়েছিলাম কবি আল মাহমুদের বাসায়। কবির সঙ্গে মুসা মিয়ার সাক্ষাতে দুজন খুব আপন হয়ে ওঠেন। মনে হচ্ছিল, পুরোনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। তারা কবিতা ও রাজনীতি নিয়ে আলাপ-আলোচনা করেন। বাদ যায়নি পরিবার-পরিজন, সন্তান-সন্ততির কথাও। আমিও আগ্রহ নিয়ে শুনছিলাম প্রিয় কবি আর প্রিয় মানুষের গল্প-আড্ডা। আল মাহমুদ তার বইটির দ্বিতীয় সংস্করণে আগ্রহভরে ভূমিকা লিখেছিলেন।
তার দ্রোহ ও প্রেমের কবিতার মধ্য থেকে বাছাই করা কিছু কবিতার সংগীতায়োজনের উদ্যোগ নেওয়া হয়। শিল্পী মাহমুদুজ্জামান বাবু এ কাজে এগিয়ে আসেন। পরে তার সুমধুর কণ্ঠেই সুর পায় কবিতাগুলো। আহ্! অসাধারণ সে সংগীত। হৃদয়ে দোলা দেওয়া, মন মাতানো গানগুলো যিনি শুনেছেন, তিনিই দীর্ঘদিন মনে রাখবেন, সন্দেহ নেই। কবিতার মধ্যদিয়ে মুসা মিয়ার চিন্তা, অনুভব ও দেশপ্রেমকে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগ ছিল তার সাহিত্যজীবনের এক বিশেষ অধ্যায়।
‘সাম্প্রতিক দেশকাল’ যাত্রা শুরু করলে জাহিদ হোসেন মুসা সম্পাদকমণ্ডলীর সভাপতি হন। তার চিন্তাভাবনা ছিল পরিষ্কার। সব বিষয়ে খোঁজখবর রাখতেন। অনেক বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার কাছ থেকে আমরা পরামর্শ নিতাম। মাঝেমধ্যে আমাকে সহাস্যে রসিকতা করে বলতেন, ‘অবস্থা খুব খারাপ, সাবধানে থেকো বাপু।’
সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি অফিসে আসতেন। আমাদের সঙ্গে গল্প করতেন, পুরোনো দিনের অভিজ্ঞতা শোনাতেন। মাঝে মাঝে শোনাতেন পুরোনো দিনের গানও।
তার সঙ্গে মিশতে গিয়ে কখনো মনে হয়নি, আমরা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলছি। মনে হতো, তিনি আমাদেরই সমবয়সী, কমরেড। মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া, অন্যকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। এটি ছিল তার সহজাত গুণ, আরোপিত নয়। আমাদের হাউসের সবাই তার গুণমুগ্ধ হয়ে পড়েছিল। তার উপস্থিতি, স্নেহমাখা কথাবার্তা ও প্রাণবন্ত আড্ডা আমাদের কর্মপরিবেশকে অন্য রকম আনন্দে ভরিয়ে দিত। আজও তার সেই হাসিমুখ, রসিকতা আর স্নেহের স্মৃতি মনে পড়ে।
সারাজীবন তিনি জনমানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড আরো সুসংগঠিতভাবে পরিচালনার জন্য গড়ে ওঠে জাহেদী ফাউন্ডেশন। তিনি এখন নেই। কিন্তু নারী, শিশু ও দুস্থ মানুষের জন্য খাদ্য কর্মসূচি, শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক সহায়তা এবং ক্রীড়ার উন্নয়নে এই প্রতিষ্ঠান বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশাল ভূমিকা রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের বৃত্তির সহায়তায় শত শত শিক্ষার্থী নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ হয়েছেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানুষের জন্য কাজ করার যে প্রত্যয় তিনি ধারণ করতেন, জাহেদী ফাউন্ডেশনের কর্মকাণ্ডে তারই প্রতিফলন ঘটেছে।
২০২০ সালের ১৭ নভেম্বর ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়া। তার ইন্তেকালের পর ২০২১ সালের ১৮ জানুয়ারি জাতীয় সংসদে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। ঝিনাইদহ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ হয় ‘ভাষাসৈনিক মুসা মিয়া সড়ক’। এসব স্বীকৃতি তার কর্মময় জীবনের প্রতি রাষ্ট্রীয় ও স্থানীয় মানুষের শ্রদ্ধার প্রকাশ।
দেখতে দেখতে তার মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেল। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা চলে যাওয়ার পরও তাদের কাজ, চিন্তা ও স্মৃতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। জাহিদ হোসেন মুসা মিয়া তেমনই একজন। জীবিত অবস্থায় তিনি মানবতা ও দেশপ্রেমের আলো জ্বালিয়ে গেছেন। সেই আলোকবর্তিকায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দূর হবে অন্ধকার, দূর হবে অসাম্য। গড়ে উঠবে সাম্য ও প্রগতির এক উন্নত স্বদেশ।
লেখক: সম্পাদক, সাম্প্রতিক দেশকাল
