Logo
×

Follow Us

মতামত

বই থেকে ব্যালট অধিকার রক্ষার লড়াই

Icon

শাহেরীন আরাফাত

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

বই থেকে ব্যালট  অধিকার রক্ষার লড়াই

যে ক্ষমতা বইকে ভয় পায়, সে একদিন ভোটারকেও ভয় পায়। ভারতে এখন ঠিক সেটাই ঘটছে। কলকাতায় পূজামণ্ডপের পাশে বইয়ের স্টল ভাঙা হলো। দিল্লিতে ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম কাটার অভিযোগ উঠল। দুটি ঘটনা আলাদা শহরের, আলাদা চেহারার। কিন্তু প্রশ্ন একটাই—রাষ্ট্রের মালিক কে? একটি দল, একটি মতাদর্শ, নাকি জনগণ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে হিন্দুত্ববাদকে কেবল ধর্মের রাজনীতি হিসেবে দেখলে চলবে না। এটা ক্ষমতার এক বিশেষ কল্পনা। সেখানে জাতি মানে এক ধর্ম, রাষ্ট্র মানে এক দল, আর দেশপ্রেম মানে নেতার প্রতি আনুগত্য। এই কল্পনায় ভিন্নমত মানেই শত্রুতা। ভিন্ন বই মানেই ষড়যন্ত্র।

বুলডোজারের সামনে বর্ণপরিচয়

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রথম দুর্গাপূজা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পূজা কমিটিগুলোকে বলেছিলেন, যেসব বামপন্থি সংগঠন উৎসবকে ‘দুর্গাপূজা’ না বলে ‘শারদোৎসব’ বলে, তাদের স্টল দেওয়া চলবে না। এরপর রাজ্যজুড়ে বামদের বইয়ের স্টল ভাঙা হলো, পোড়ানো হলো, বই ছুড়ে ফেলা হলো রাস্তায়। যাদবপুরে এলো বুলডোজার। বনগাঁর একটি স্টল নিয়ে হাইকোর্টের আদেশ দেখিয়ে অন্য জায়গার স্টলও সরিয়েছে পুলিশ। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন, হামলার পেছনে দলের কোনো নির্দেশ ছিল না। বিজেপি ও আরএসএসের কয়েকজন নেতাও প্রকাশ্যে ভাঙচুরের নিন্দা করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে যে সুর বেঁধে দিয়েছিলেন, মাঠে তারই প্রতিধ্বনি শোনা গেছে।

জবাবটা এলো কলকাতার নিজস্ব ভাষায়। ৩১ অক্টোবর কলেজ স্ট্রিটে হাজারো মানুষ হাঁটলেন হাতে বই নিয়ে। দেড় শতাধিক লেখক, শিল্পী, শিক্ষক, চিকিৎসক ও আইনজীবী ‘বইয়ের জন্য হাঁটুন’ নামে এই ডাক দিয়েছিলেন। শর্ত ছিল একটাই—প্রত্যেকে নিজের পছন্দের একটি বই আনবেন। বইটাই হবে প্রতিবাদের ব্যানার। 

মিছিলে আরো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক সংসদ সদস্য সুজন চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের আইনজীবী ও বামপন্থি নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা বিমান বসু, সিপিএমের সাবেক বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সাবেক উপাচার্য পবিত্র সরকার, অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

মিছিলে কারো হাতে ছিল মার্ক্সের ‘পুঁজি’, কারো হাতে আম্বেদকরের জীবনী। ছিল প্রেমচন্দের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, রবীন্দ্রনাথের ‘গোরা’, শরৎচন্দ্রের ‘পথের দাবী’। তরুণীরা এনেছিলেন সংবিধান, ক্ষুদিরামের জীবনী, ভগৎ সিংয়ের জেলের ডায়েরি, আনা ফ্রাঙ্কের ডায়েরি। বাবার কোলে বসে এক শিশু উঁচিয়ে ধরেছিল উপেন্দ্রকিশোরের ‘টুনটুনির বই’। আর সবার ওপরে ছিল বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’, পাশে সংবিধানের মূল কপির বড় পোস্টার। কোনো স্লোগান ছিল না। মানুষ গান গেয়েছে, কবিতা পড়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ মিছিল কোনো দলের নয়।

এই ছবিটা মনে রাখা দরকার। যে বিদ্যাসাগর সাধারণ মানুষের হাতে অক্ষর তুলে দিয়েছিলেন, তার মূর্তির সামনে থেকে শুরু হয়েছিল মিছিল, শেষও হয়েছিল সেখানেই। বর্ণপরিচয় আর সংবিধান পাশাপাশি দাঁড়িয়ে বুঝিয়ে দিল, অক্ষরজ্ঞান আর নাগরিক অধিকার একই সূত্রে গাঁথা। 

কাটা নাম, ভাঙা আস্থা

কলকাতার বই মিছিলের পরদিন, ১ নভেম্বর, দিল্লির রামলীলা ময়দানে নামল আরেক জনস্রোত। ইস্যু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, যা এসআইআর নামে পরিচিত। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় ১৩ কোটির বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, আর তার বড় অংশ মুসলমান ও অন্য সংখ্যালঘু। নির্বাচন কমিশন পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভুল করে যাদের নাম বাদ গেছে, তারা আবার নিবন্ধন করতে পারবেন। কিন্তু যার পুরোনো কাগজ নেই, তার পক্ষে তালিকায় ফেরা সহজ নয়। আন্দোলনের শুরুটাও তাৎপর্যপূর্ণ। 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই সহকর্মীই প্রথম তালিকা সংশোধন, নিবন্ধন পদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে আপত্তি তুলেছিলেন। সেপ্টেম্বরের শেষ থেকে বিরোধী দল, ছাত্রসংগঠন আর তরুণদের ‘ককরোচ জনতা পার্টি’ প্রায় প্রতিদিন রাস্তায় থেকেছে।

রামলীলার মাঠে নেতাদের বক্তৃতার চেয়ে সাধারণ মানুষের কথাই বেশি ভারী শোনাল। মধ্যপ্রদেশের মোরেনা থেকে আসা কৃষকরা বললেন, সারের বস্তার সরকারি দাম এক হাজার ৩৫৫ রুপি, অথচ কিনতে হয় দুই হাজার ১০০ রুপিতে। তাও আনতে হয় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূর থেকে। হরিয়ানার ভিওয়ানির এক বৃদ্ধ গ্রামপ্রধান জানালেন, বীজ আর খাটিয়ার টাকাও আর ওঠে না। তেলেঙ্গানার তরুণেরা বললেন, চাকরি হারানোর কথা।

আসাম থেকে আসা এক মুসলমান তরুণ বললেন, তার পূর্বজরা যে উদার, সহনশীল ভারত চিনতেন, সেটাই তিনি ফেরত চান।

এখানেই হিন্দুত্ববাদের রাজনীতির আসল চেহারা ধরা পড়ে। ধর্মীয় বিভাজনের আড়ালে চাপা পড়ে যায় সারের দাম, ডিজেলের দাম, বেকারত্ব। আর যখন সেই চাপা ক্ষোভ ভোটে প্রকাশ পাওয়ার ভয় তৈরি হয়, তখন প্রশ্ন ওঠে ভোটার তালিকা নিয়েই। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সমাবেশকে বললেন ‘সাজানো নাটক’, গণতন্ত্রের নামে দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। মূলধারার টেলিভিশনও সুর মেলাল, যারা ‘গোদি মিডিয়া’ বলে পরিচিত। পর্দাজুড়ে শোনা গেল ‘অরাজকতা গ্যাং’ শব্দ। অথচ রাহুল গান্ধী ও তরুণ নেতারা বারবার বলেছেন, অহিংস সত্যাগ্রহের কথা।

‘রিজিম চেঞ্জ’ কার মুখে অপরাধ

বিতর্ক আরো তীব্র হয় সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের দুটি ইংরেজি শব্দে। তিনি বলেছিলেন, ‘রিজিম চেঞ্জ’, মানে শাসনব্যবস্থার পরিবর্তন। প্রতি-রক্ষামন্ত্রী রাজনাথ সিং সঙ্গে সঙ্গে এতে বাংলাদেশ ধাঁচের ‘অরাজকতা’র ছায়া দেখলেন।

অথচ ইতিহাস বলছে অন্য কথা। ২০১৩ সালের ডিসেম্বরে বারাণসিতে নরেন্দ্র মোদি দিল্লির সরকার উৎখাতের জন-আকাঙ্ক্ষার কথা বলেছিলেন। একই বক্তৃতায় দারিদ্র্য আর বেকারত্ব থেকে মুক্তির শর্ত হিসেবে হাজির করেছিলেন ‘কংগ্রেসমুক্ত ভারত’। 

সেই বছরের এপ্রিলে রাজনাথ সিং নিজে বলেছিলেন, ইউপিএ সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে, গণতন্ত্রের স্বার্থে এ সরকারের যাওয়া উচিত। তখন এসব ছিল বিরোধী দলের স্বাভাবিক রাজনীতি। আর সত্যিই তা স্বাভাবিকই ছিল। কিন্তু আজ একই আকাঙ্ক্ষা বিরোধীর মুখে উচ্চারিত হলে তা হয়ে যায় রাষ্ট্রবিরোধী চক্রান্ত।

এই দ্বিচারিতার শিকড় গভীরে। ‘কংগ্রেসমুক্ত ভারত’ কথাটা কেবল একটি দলকে হারানোর ডাক নয়। মানুষ মুক্তি চায় রোগ থেকে, দাসত্ব থেকে, বিপদ থেকে। প্রতিপক্ষ দলকে সেই তালিকায় বসালে সে আর প্রতিদ্বন্দ্বী থাকে না, হয়ে যায় ঝেড়ে ফেলার মতো এক উপদ্রব।

হিন্দুত্ববাদের মূল কৌশল এটাই। সরকার, রাষ্ট্র আর দেশকে এক করে ফেলা। তাতে সরকারের সমালোচনা হয়ে যায় দেশের বিরোধিতা, আর দলের বিরোধিতা হয়ে যায় দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।

অথচ সরকার আসে-যায়। দেশ তার চেয়ে বড়। আর জাতি, তার ইতিহাস, ভাষা, মানুষের বহুস্বর, সবকিছুর চেয়ে বড়। গণতন্ত্রের বৈধতা দাঁড়িয়ে থাকে একটা সরল স্বীকৃতির ওপর। ক্ষমতা অস্থায়ী। যে শাসক নিজের বিদায়ের কল্পনাতেই কেঁপে ওঠে, সে আসলে জনগণের সার্বভৌমত্বকেই অস্বীকার করে।

বাংলাদেশের নাম যখন ভয়ের প্রতীক

রাজনাথ সিং বাংলাদেশকে ভয়ের উদাহরণ বানিয়েছেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এর জবাব দেওয়া জরুরি। ২০২৪ সালের জুলাই কোনো বিদেশি ষড়যন্ত্রের ফসল ছিল না। ছিল বছরের পর বছর ভোটাধিকার হরণ, গুম, দমন আর লুটপাটের বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ।

গণ-অভ্যুত্থানের পরের অস্থিরতা নিয়ে সমালোচনা আছে, থাকবেও। কিন্তু শিক্ষাটা পরিষ্কার। মানুষ যখন ব্যালটে সরকার বদলানোর পথ হারায়, তখন সে রাস্তায় নামে। অরাজকতা জন্মায় প্রতিবাদ থেকে নয়, ভোট কেড়ে নেওয়া থেকে। ভারতের শাসকেরা বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের ভয় না দেখিয়ে বরং এই শিক্ষাটা নিতে পারতেন।

গণরাজনীতির পথ

তাহলে পথ কোথায়? কেবল বিরোধী দলের ওপর ভরসা রেখে এই লড়াই জেতা যাবে না। কংগ্রেসের নিজের অতীতও নিষ্কলুষ নয়। জরুরি অবস্থা থেকে শুরু করে নানা দমনের দায় তার ঘাড়েও আছে। দলীয় রাজনীতি ক্ষমতার হিসাব কষে। গণরাজনীতি কষে মানুষের মর্যাদার। গণসার্বভৌমত্ব মানে জনগণই ক্ষমতার উৎস, কেবল পাঁচ বছরে এক দিন ভোটের লাইনে নয়, প্রতিদিনের জীবনে।

কলকাতা আর দিল্লির দুই মিছিল আসলে সেই পথের দুটি দিক দেখিয়েছে। একটি সংস্কৃতির প্রতিরোধ, অন্যটি অধিকারের দাবি। এদের জোড়া লাগাতে হবে। দরকার পাড়ায় পাড়ায় পাঠচক্র, যেখানে ভাঙা স্টলের বই আবার মানুষের হাতে ফিরবে। দরকার প্রতিটি বুথে নাগরিকদের নিজস্ব পাহারা, যাতে একটি নামও নিঃশব্দে হারিয়ে না যায়। 

দরকার কৃষক, শ্রমিক, ছাত্র আর সংখ্যালঘুর এক টেবিলে বসা, কারণ সারের দাম আর ভোটার তালিকা আলাদা সমস্যা নয়। দুটোই মানুষকে নিঃস্ব আর নীরব করার যন্ত্র। আর দরকার অহিংসার প্রতি অটল থাকা, কারণ শাসক ঠিক সহিংসতার অজুহাতটুকুই খুঁজছে।

হিন্দুত্ববাদ জনগণকে ভাগ করে শাসন করতে চায়। ধর্মে ভাগ, ভাষায় ভাগ, বইয়ে ভাগ। তার পাল্টা জবাব এক হওয়া, তবে একরকম হওয়া নয়। ‘পুঁজি’ আর ‘টুনটুনির বই’, ‘গোরা’ আর ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’ যেমন একই মিছিলে পাশাপাশি হেঁটেছে, ঠিক তেমন। বহুত্বকে মেনে নিয়ে ঐক্যই গণরাজনীতির প্রাণ।

শেষ কথাটা সহজ। গণতন্ত্রে সবচেয়ে বিপজ্জনক শব্দ ‘রিজিম চেঞ্জ’ নয়। সবচেয়ে বিপজ্জনক সেই মুহূর্ত, যখন কোনো শাসক বিশ্বাস করতে শুরু করে তাকে আর বদলানো যাবে না। বই হাতে, ভোটার কার্ড হাতে মানুষ ভারতের রাস্তায় সেই বিশ্বাসটাই ভেঙে দিতে নেমেছে। ক্ষমতা যত বড়ই হোক, শেষ বিচারে মালিক জনগণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫