কোনো সভ্যতাই দর্শনহীন নয়। মানুষের জীবন, সমাজকাঠামো ও উৎপাদনব্যবস্থার মধ্যেই গড়ে ওঠে দর্শনের নানা ধারা। প্রাচীন ভারতীয় দর্শনের অনেক স্কুল লিখিত ছিল না; সমাজ ও সংস্কৃতির ভেতর দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে সেগুলো চর্চিত ও বিকশিত হয়েছে। বঙ্গীয় জনপদেও গুরুবাদী ধারায় লালিত এমন দর্শনের প্রভাব আজও লোকজ সমাজে বিদ্যমান। এর মধ্যে বৌদ্ধ দর্শনের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য।
অন্যদিকে, পাশ্চাত্যে রেনেসাঁস ও শিল্পবিপ্লবের পর দর্শনের লিখিত চর্চা ও সংরক্ষণ বিস্তৃত হয়। প্রাচ্যের নানা চিন্তাধারাও সেখানে নতুনভাবে আলোচিত ও আত্মস্থ হয়েছে। এরই একটি উল্লেখযোগ্য উদাহরণ জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার। মানুষের দুঃখ, আকাঙ্ক্ষা ও মুক্তি নিয়ে তার দর্শনের সঙ্গে গৌতম বুদ্ধের চিন্তার বিস্ময়কর মিল রয়েছে। তাহলে কি বুদ্ধের দর্শনই শোপেনহাওয়ারের হাত ধরে নতুন রূপে ইউরোপে হাজির হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে বুদ্ধের দর্শন এবং শোপেনহাওয়ারের চিন্তার দিকে।
প্রাচ্যের দর্শন ও গুরুবাদী চর্চা
আপনি পাশ্চাত্য দার্শনিক শোপেনহাওয়ারের ‘দুঃখবাদ আর ইচ্ছাতত্ত্ব’ দর্শনের কথাই যদি বলেন, তা কিন্তু সর্বাঙ্গে শোপেনহাওয়ারের নয়। যদিও আমরা তা ইউরোপীয় দর্শন হিসেবেই পড়ি; আসলে তা কিন্তু ভারতীয় বৌদ্ধ দর্শনেরই ইউরোপীয় ভার্সন।
হ্যাঁ, বলছিলাম শোপেনহাওয়ারের কথা। পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে আর্থার শোপেনহাওয়ার (১৭৮৮-১৮৬০) নানা দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ ও স্বতন্ত্র। উনিশ শতকের পাশ্চাত্য দর্শনে তিনি এমন একজন চিন্তাবিদ, যিনি মানুষের অস্তিত্ব, আকাঙ্ক্ষা, দুঃখ ও মুক্তির প্রশ্নকে গভীর নৈরাশ্যবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার দর্শনের কেন্দ্রে রয়েছে ‘ইচ্ছা’।
তার মতে, দৃশ্যমান জগতের অন্তরালে একটি অন্ধ, যুক্তিহীন ও নিরন্তর সক্রিয় ইচ্ছাশক্তি কাজ করছে। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা ও অতৃপ্তিই যার দুঃখের মূল কারণ। এই কারণে শোপেনহাওয়ার মূলত দুঃখবাদী দার্শনিক হিসেবেই আমাদের কাছে পরিচিত।
বণিক ও ধনী বাবা হাইনরিখ ফ্লোরিস শোপেনহাওয়ার ছিলেন স্বাধীনচেতা ব্যক্তি। মা জোহানা শোপেনহাওয়ার ছিলেন সাহিত্যিক। শৈশব থেকেই শোপেনহাওয়ার ইউরোপের বিভিন্ন দেশ ও সমাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। গোটিনজেন ও বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় দার্শনিক কান্টের দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করে। একই সঙ্গে তিনি পরিচিত হন প্লেটো, এরিস্টটল ও হেগেলের সঙ্গে। কোনো কিছুই তাকে তৃপ্ত করতে পারেনি। একসময় তিনি হয়ে পড়েন নৈরাশ্যবাদী। কেউ কেউ বলেন নৈরাজ্যবাদী।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের শেষার্ধে তিনি পরিচিত হন ভারতীয় দর্শনের উপনিষদ ও গৌতম বুদ্ধের দর্শনের সঙ্গে। বলা চলে, এই পরিচিতিই শোপেনহাওয়ারকে ইউরোপে দার্শনিক রূপে গড়ে তুলতে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছে। জুগিয়েছে মানবমুক্তির তত্ত্ব ও অন্বেষণ।
ইচ্ছাই যখন দুঃখের মূল
১৮১৮ সালে প্রকাশিত তার ‘ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন’ (The World as Will and Representation) গ্রন্থে তিনি তার দর্শনের মূল কাঠামো সুস্পষ্টভাবে প্রকাশ করেন। শোপেনহাওয়ারের বয়স তখন ৩০ আর অন্যদিকে বুদ্ধের মৃত্যুবরণের বয়স হয়েছিল ২৩০০ বছর।
যাই হোক, শোপেনহাওয়ার তার গ্রন্থে দেখালেন যে, “জগৎকে আমরা যেভাবে দেখি, অনুভব করি, ভাবি ও উপলব্ধি করি, তা আমাদের কাছে জগতের প্রকাশিত রূপ। কিন্তু এই দৃশ্যমান জগতের অন্তর্নিহিত বাস্তবতা হলো ‘ইচ্ছা’। এই ইচ্ছা কোনো ব্যক্তির সচেতন ইচ্ছা নয়; এটি অন্ধ, যুক্তিহীন, নিরন্তর সক্রিয় এবং অতৃপ্ত এক মৌলিক শক্তি, যা মানুষ কল্পনা করে, কিন্তু দেখে না।
মানুষের ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষা, আত্মরক্ষা, সম্পদ অর্জন, ক্ষমতা, মর্যাদা ও ভোগের আকাঙ্ক্ষা—এসবই এই মৌলিক ইচ্ছার বিভিন্ন প্রকাশ। শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীকুলের খাদ্য অনুসন্ধান, প্রজনন ও আত্মরক্ষার প্রবণতা এবং উদ্ভিদের বেড়ে ওঠার মধ্যেও এই ইচ্ছার প্রকাশ ঘটে।”
শোপেনহাওয়ারের মতে, মানুষের বুদ্ধি ও যুক্তি সব সময় তার আচরণের মূল নিয়ামক নয়। মানুষের গভীরে থাকা অদৃশ্য আকাঙ্ক্ষা ও তাড়নাই তাকে পরিচালিত করে। অনেক সময় মানুষ আগে কিছু চায়, পরে সেই চাওয়াকে যুক্তি দিয়ে সমর্থন করে। অর্থাৎ যুক্তি অনেক ক্ষেত্রে ইচ্ছার অধীন। এই ইচ্ছার কোনো চূড়ান্ত তৃপ্তি নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। ফলে মানুষের জীবন হয়ে ওঠে আকাঙ্ক্ষা, সংগ্রাম, অর্জন, সাময়িক তৃপ্তি এবং পুনরায় আকাঙ্ক্ষার এক অন্তহীন চক্র। যার মূলে আছে ইচ্ছার অধীন দুঃখ, যা প্রাণীমাত্রই চলছে, চলবে, চলমান।
এসব কথা দার্শনিক শোপেনহাওয়ার যখন ইউরোপীয় সমাজে বলছিলেন, তখন এ কথা আমাদের সমাজে কয়েক হাজার বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের মতো করে প্রচারিত হয়নি। কেন হয়নি, তা শুরুতেই বলেছিলাম, আমাদের দর্শনের স্কুলগুলো গুরুবাদী খানকায় চর্চিত। বাইরে বের করার নিয়ম, অনুসরণ নেই।
বুদ্ধের চার আর্যসত্য ও দুঃখের ব্যাখ্যা
বুদ্ধও এ কথা বলেছিলেন—ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছার অপূর্ব আকাঙ্ক্ষায় জন্মায় দুঃখ। তার চার আর্যসত্যের প্রথম সত্য হলো জীবন দুঃখময়। শোপেনহাওয়ার লিখেছেন—জীবন দুঃখময়।
জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু, অপছন্দনীয় বিষয়ের সংস্পর্শ, প্রিয় বিষয় থেকে বিচ্ছেদ এবং আকাঙ্ক্ষিত বিষয় লাভ করতে না পারা—এসবই দুঃখের বিভিন্ন রূপ। মানুষ ভোগ করতে চায়, পেতে চায়, ধরে রাখতে চায় এবং নিজের ইচ্ছামতো জগৎকে স্থায়ী করতে চায়। কিন্তু জগৎ অনিত্য। কোনো বস্তু, সম্পর্ক, যৌবন, সম্পদ বা জীবন স্থায়ী নয়। ফলে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি হয় এবং সেখান থেকেই দুঃখের জন্ম হয়।
কাজেই দুঃখময় জীবনে এই মুক্তির অবস্থাকে বুদ্ধ বলেছেন নির্বাণ। বুদ্ধের মতে, তৃষ্ণা দুঃখের কারণ।
শোপেনহাওয়ারের মতে, ইচ্ছা দুঃখের মূল উৎস। আবার আমাদের বুদ্ধের কাছে তৃষ্ণা হলো এমন এক আকাঙ্ক্ষা, যা মানুষকে বারবার ভোগ, অস্তিত্ব ও আসক্তির দিকে নিয়ে যায়। শোপেনহাওয়ারের কাছে ইচ্ছা হলো বিশ্বজগতের অন্তর্নিহিত অন্ধ শক্তি, যা মানুষকে নিরন্তর কিছু পেতে ও অর্জন করতে তাড়িত করে। মানুষ কোনো কিছু না পেলে দুঃখ পায়। আবার কোনো কিছু পেয়ে গেলে সেই আনন্দ স্থায়ী হয় না। কিছুদিন পর নতুন আকাঙ্ক্ষা জন্ম নেয়।
ফলে মানুষ কখনো অভাবের কারণে দুঃখী, কখনো অর্জনের পর একঘেয়েমিতে আক্রান্ত। শোপেনহাওয়ার তাই মানুষের জীবনকে দুঃখ ও একঘেয়েমির মধ্যকার দোলাচল হিসেবে দেখেছেন।
বুদ্ধ ও শোপেনহাওয়ারের মিল-অমিল
আসলে এ কথা বলাই যায় যে, শোপেনহাওয়ার বৌদ্ধ দর্শনকে ইউরোপীয় ভার্সনে রূপান্তরিত করেছেন। বুদ্ধের ‘তৃষ্ণা’ মূলত নৈতিক ও অস্তিত্বগত বন্ধনের একটি কারণ; যেখানে শোপেনহাওয়ারের ‘ইচ্ছা’ তার সমগ্র অধিবিদ্যার ভিত্তি এবং বিশ্ববাস্তবতার অন্তর্নিহিত শক্তি।
শোপেনহাওয়ারও মনে করেন, ইচ্ছার পূর্ণ তৃপ্তির মাধ্যমে মুক্তি সম্ভব নয়। কারণ একটি ইচ্ছা পূরণ হলে নতুন ইচ্ছা জন্ম নেয়। তাই মুক্তির জন্য ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শেষ পর্যন্ত ইচ্ছার অস্বীকৃতির দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। তাই এখানে বুদ্ধ ও শোপেনহাওয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ সাদৃশ্য থাকলেও সমাজবাস্তবতায় বক্তব্য নির্মাণে পার্থক্যও রয়েছে। বুদ্ধ চরম ভোগ এবং চরম কৃচ্ছ্রসাধন উভয়কেই পরিহার করে মধ্যমপন্থার কথা বলেছেন।
অন্যদিকে শোপেনহাওয়ারের কাছে মুক্তির ধারণায় ত্যাগ, সংযম ও ইচ্ছার অস্বীকৃতির গুরুত্ব বেশি। প্রকারান্তরে, শোপেনহাওয়ারই যেন বুদ্ধকে আত্মস্থ করেছেন। করেছেন পাচার।
বাংলার লোকজ দর্শনেও মুক্তির অন্বেষণ
বুদ্ধের মতো শোপেনহাওয়ারও অসীমতার মধ্যে খুঁজেছেন ঈশ্বরকে। আমাদের আবহমান বাংলার চর্যাপদ, বৈষ্ণব পদাবলি ও লালন-ভাবনায়ও জাগতিক জীবনের অতৃপ্তি, বিচ্ছেদ ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাওয়া যায়।
লালন লিখেছিলেন, ‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়।’ কিংবা লোকগানে আছে, ‘তুমি আমার মনের মানুষ অন্তরের ভেতর’, ‘ও মুর্শিদ ও, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া।’ এখানে জাগতিক জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করেছে দুঃখময় জীবনে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশে। এ যেন বুদ্ধকে আত্মস্থ করেছে নানা শব্দে, ভঙ্গিতে, আঙ্গিকে। পাশ্চাত্যে শোপেনহাওয়ার এই বুদ্ধকে করেছেন ইউরোপে পাচার। ইউরোপীয় ভার্সনে।
লেখক : শিক্ষক, বাংলা বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
