Logo
×

Follow Us

মতামত

অসীম ইন্টারনেট, সীমিত মনোযোগ

Icon

প্রফেসর ড. ইকবাল আহমেদ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

অসীম ইন্টারনেট, সীমিত মনোযোগ

একসময় বলা হতো ‘জ্ঞানই শক্তি’। আর আজকের পৃথিবীতে সেই জ্ঞানের অন্যতম উৎস নিঃসন্দেহে ইন্টারনেট। কিন্তু প্রশ্ন হলো, জ্ঞান অর্জনের এই মহাসড়ক কি আমাদের শিশু-কিশোরদের সত্যিই শিক্ষিত করছে, নাকি তাদের মনোযোগ ও শেখার সক্ষমতাকে ধীরে ধীরে গ্রাস করছে? 

বাংলাদেশে স্মার্টফোনের বিস্তার, সাশ্রয়ী ইন্টারনেট এবং অসংখ্য গেইমিং ও বিনোদনমূলক অ্যাপের সহজলভ্যতা এমন এক বাস্তবতা তৈরি করেছে, যেখানে প্রযুক্তি আশীর্বাদের পাশাপাশি শিক্ষাব্যবস্থার জন্য এক গভীর সংকটে পরিণত হয়েছে।

বর্তমান প্রজন্মের একটি বড় অংশের কাছে ইন্টারনেট আর শুধু তথ্যের উৎস নয়; এটি বিনোদন, সামাজিক যোগাযোগ, ভিডিও স্ট্রিমিং, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম, অনলাইন গেমিং এবং ভার্চুয়াল পরিচয়ের একটি সমন্বিত জগৎ। ফলস্বরূপ, পড়ার টেবিলে বসেও একজন শিক্ষার্থীর মন থাকে মোবাইলের নোটিফিকেশনে, নতুন ভিডিও কিংবা অনলাইন গেমের পরবর্তী লেভেলে। 

বেশকিছু গবেষণায় দেখা যায়, মানুষের মস্তিষ্ক একসঙ্গে একাধিক বিষয়ে কার্যকরভাবে মনোযোগ ধরে রাখতে পারে না। কিন্তু বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এমনভাবে নির্মিত, যাতে ব্যবহারকারী যত বেশি সময় অনলাইনে থাকে, তত বেশি বিজ্ঞাপন দেখা হয় এবং তত বেশি বাণিজ্যিক লাভ হয়। শিক্ষার্থীর মনোযোগ আজ একটি পণ্যে পরিণত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পর্যবেক্ষণ অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশু-কিশোরদের ঘুম, শারীরিক কার্যক্রম, মানসিক সুস্থতা এবং শিক্ষাগত পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে ইউনেসকো ও ওইসিডির একাধিক গবেষণায় দেখা গেছে, ক্লাসরুমে কিংবা পড়াশোনার সময় ব্যক্তিগত স্মার্টফোন, ট্যাবের অনিয়ন্ত্রিত ব্যবহার শেখার ধারাবাহিকতা নষ্ট করার পাশাপাশি পরীক্ষার ফলাফলেও প্রভাব ফেলে। বিভিন্ন দেশে তাই শিশু-কিশোরদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নীতিমালা গ্রহণ করা হয়েছে।

এই উদ্বেগজনক বাস্তবতা থেকে বাংলাদেশও দূরে নেই। শহর থেকে গ্রাম—প্রায় সর্বত্র এখন শিশুদের হাতে স্মার্টফোন। অনলাইন ক্লাসের সময় যেসব ডিভাইস শিক্ষার জন্য ব্যবহার শুরু হয়েছিল, তার বড় একটি অংশ আজ বিনোদনের প্রধান মাধ্যম। 

অভিভাবকদের অনেকেই কর্মব্যস্ততার কারণে সন্তানের হাতে মোবাইল তুলে দেন ‘ব্যস্ত রাখার’ সহজ উপায় হিসেবে। কিন্তু এই সাময়িক স্বস্তি দীর্ঘ মেয়াদে এক ধরনের ডিজিটাল নির্ভরতা তৈরি করছে। শিশুরা বই পড়ার পরিবর্তে ছোট ছোট ভিডিওতে অভ্যস্ত হয়ে পড়ছে। পাঁচ মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ফলাফল—পাঠ্যবইয়ের দীর্ঘ অনুচ্ছেদ পড়তে অনীহা, বিশ্লেষণধর্মী প্রশ্নে দুর্বলতা এবং মুখস্থনির্ভর শিক্ষার প্রতি অতিরিক্ত ঝোঁক।

গবেষণায় দেখা গেছে, একজন কিশোর গড়ে দিনে কয়েক ডজন থেকে শতাধিকবার মোবাইল ফোন চেক করে। প্রতিটি নোটিফিকেশন মস্তিষ্কে ডোপামিনের ক্ষণস্থায়ী উদ্দীপনা সৃষ্টি করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ অনুভূতি ধীরে ধীরে অভ্যাসে এবং পরে আসক্তিতে রূপ নেয়। তখন বইয়ের একটি অধ্যায় পড়া যতটা কঠিন মনে হয়, একটি শর্ট ভিডিও দেখা ততটাই সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে শিক্ষার্থীর মস্তিষ্ক দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার স্বাভাবিক সক্ষমতা হারাতে শুরু করে।

আরো উদ্বেগের বিষয় হলো নিয়ন্ত্রণহীন গেইমিং। বর্তমানের অনেক জনপ্রিয় অনলাইন গেম (রবোলোক্স, মাইন-ক্রাফট) এমনভাবে ডিজাইন করা হয়, যাতে খেলোয়াড় প্রতিদিন নির্দিষ্ট সময় লগইন করে, নতুন পুরস্কার অর্জন করে এবং দীর্ঘ সময় ধরে খেলতে উৎসাহিত হয়। 

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গেমিংয়ের সঙ্গে পরীক্ষার ফল খারাপ হওয়া, ঘুমের সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা, উদ্বেগ ও আচরণগত পরিবর্তনের সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘গেমিং ডিস-অর্ডার’কে একটি স্বীকৃত স্বাস্থ্যগত সমস্যা হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যদিও সব ধরনের গেম ক্ষতিকর নয়, কিন্তু সময় ও বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ না থাকলে এটি শিশু-কিশোরদের দৈনন্দিন জীবন ও শিক্ষাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

বর্তমান অ্যাপ স্টোরগুলোও আর কেবল সফটওয়্যার ডাউনলোডের স্থান নয়; এগুলো মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতার বাজারে পরিণত হয়েছে। প্রতিদিন স্টোরগুলোতে হাজার হাজার নতুন গেম, শর্ট ভিডিও অ্যাপ, লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অ্যাপ যুক্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের জন্য বয়সভিত্তিক ব্যবহার নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা বেশ দুর্বল। ফলে অল্প বয়সেই তারা এমন ডিজিটাল পরিবেশে প্রবেশ করছে, যার জন্য তাদের মানসিক পরিপক্বতা এখনো তৈরি হয়নি।

শিক্ষকদের কাছ থেকেও অভিন্ন অভিযোগ শোনা যায়—আগের তুলনায় শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ কমে গেছে। দীর্ঘ উত্তর লিখতে অনীহা, বিশ্লেষণ করার দক্ষতা হ্রাস, বই পড়ার অভ্যাস কমে যাওয়া এবং দ্রুত উত্তর পাওয়ার সংস্কৃতি তাদের চিন্তাশক্তিকে সীমাবদ্ধ করছে। সার্চ ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তর পাওয়ার সুবিধা যেমন ইতিবাচক, তেমনি নিজেরা চিন্তা করার অভ্যাস কমে যাওয়ার ঝুঁকিও তৈরি করছে। তথ্য পাওয়া সহজ হয়েছে, কিন্তু তথ্য বিশ্লেষণের দক্ষতা একই হারে বাড়েনি।

ইউনিসেফের প্রতিবেদনে পরিবারভিত্তিক ডিজিটাল নির্দেশিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ শিশুরা প্রযুক্তি ব্যবহারের নিয়ম নিজেরা তৈরি করে বিষয়টি এমন নয়; তারা পরিবার থেকেই শেখে। যদি মা-বাবা নিজেরাই সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, তবে সন্তানদের কাছ থেকে ভিন্ন আচরণ প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। প্রযুক্তির অপব্যবহার রোধে পরিবারের ভূমিকা তাই বিদ্যালয়ের মতোই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও এখন সময় এসেছে নতুন বাস্তবতাকে স্বীকার করার। কেবল মোবাইল নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল শৃঙ্খলা ও ডিজিটাল নাগরিকত্ব শিক্ষাকে পাঠ্যক্রমের অংশ করা। শিক্ষার্থীদের শেখাতে হবে—কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে হয়, কতক্ষণ ব্যবহার করা উচিত, কোন তথ্য বিশ্বাসযোগ্য, কীভাবে অনলাইন প্রতারণা এড়াতে হয় এবং কীভাবে প্রযুক্তিকে শেখার সহায়ক হিসেবে ব্যবহার করা যায়।

এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও অভিভাবকদেরও যৌথ দায়িত্ব রয়েছে। স্কুল পর্যায়ে স্ক্রিন টাইম সচেতনতা কর্মসূচি, নিয়মিত কাউন্সেলিং, অভিভাবক প্রশিক্ষণ, বিদ্যালয়ে মোবাইল ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা, শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নির্দেশিকা এবং বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় যুক্ত করার বিকল্প পরিবেশ তৈরি করতে হবে।

প্রযুক্তি কখনোই শত্রু নয়; শত্রু হলো প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার। ইন্টারনেট মানবসভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার, কিন্তু সেটি যদি জ্ঞানের পরিবর্তে মনোযোগহীনতা, একাকিত্ব, আসক্তি ও শিক্ষাবিমুখতার কারণ হয়ে দাঁড়ায়, তবে সেই উন্নয়ন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল করে তুলবে। বাংলাদেশের জনমিতিক সুবিধাকে  বাস্তব শক্তিতে রূপ দিতে হলে এখনই শিশু-কিশোরদের ডিজিটাল জীবনে ভারসাম্য ফিরিয়ে আনা অপরিহার্য। অন্যথায় আমরা হয়তো প্রযুক্তিগতভাবে আরো সংযুক্ত হব। কিন্তু জ্ঞান, মনোযোগ, সৃজনশীলতা ও মানবিক বিকাশের ক্ষেত্রে ক্রমে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ব। সেই বিচ্ছিন্নতার মূল্য শুধু একজন শিক্ষার্থী নয়, গোটা পরিবার এমনকি গোটা জাতিকেই বহন করতে হবে।

লেখক: অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫