মার্কিন মধ্যবর্তী নির্বাচন
ডেমোক্র্যাটদের জয়, পোশাক রপ্তানিতে শুল্ক কমার সম্ভাবনা ক্ষীণ
জান্নাতুল ফেরদৌসী
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় দেশটির বাণিজ্যনীতিতে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বিদ্যমান শুল্ক দ্রুত কমে আসার সম্ভাবনা নেই। বরং শ্রমিক অধিকার, মজুরি এবং পোশাক উৎপাদনে ব্যবহৃত তুলা ও অন্যান্য কাঁচামালের উৎস নিয়ে মার্কিন নজরদারি আরও বাড়তে পারে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মহিউদ্দিন রুবেল মনে করেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নতুন করে শুল্ক আরোপের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এখনো ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশের পণ্যে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, তা কংগ্রেসের আগে দেওয়া নির্বাহী ক্ষমতার ভিত্তিতেই কার্যকর হয়েছে।
মহিউদ্দিন রুবেলের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পণ্যকে সাধারণ আমদানি শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করার পর এবং অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর রয়েছে। এটি সেকশন ৩০১-এর আওতায় আরোপিত শুল্ক। ফলে ২০২৭ সালের জন্য রপ্তানি আদেশ ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরির সময় এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক উঠে যাবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না।
তিনি বলেন, “নতুন করে শুল্ক আরোপের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ একটি ইতিবাচক দিক হতে পারে। কারণ, কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হলে নতুন শুল্ক প্রস্তাব ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া পাস করানো কঠিন হবে। দলটি এর আগে শুল্কনীতির বিরোধিতা করে প্রচার চালিয়েছে।”
তবে নীতিগত স্থিতিশীলতা বজায় থাকলে মার্কিন ক্রেতাদের জন্য পোশাকের অর্ডার পরিকল্পনা করা সহজ হবে। বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য এটি ইতিবাচক হতে পারে। কারণ, বাংলাদেশ মূলত কম দামের বেসিক পোশাক রপ্তানি করে।
মার্কিন তুলা ও কৃত্রিম সুতা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য শুল্কমুক্ত কোটার সুবিধাও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগে মার্কিন তুলা উৎপাদকদের স্বার্থ জড়িত থাকায় তা বহাল রাখার রাজনৈতিক সমর্থন থাকতে পারে। তবে এ সুবিধার আওতায় শুধু অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক মওকুফ হবে। সাধারণ আমদানি শুল্ক বহাল থাকবে। এ ছাড়া কোটার পরিমাণ সীমিত এবং সুবিধাটির মেয়াদ তিন বছর।
অন্যদিকে, ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেস চাপ সৃষ্টি করলে আন্তর্জাতিক জাহাজ পরিবহনে যুদ্ধঝুঁকিজনিত বাড়তি ব্যয় কমতে পারে। বর্তমানে যুদ্ধঝুঁকির কারণে প্রতি কনটেইনারে অতিরিক্ত ২ হাজার থেকে ৪ হাজার ডলার পর্যন্ত পরিবহন ব্যয় দিতে হচ্ছে। এই ব্যয় কমলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা উপকৃত হতে পারেন।
তবে বাংলাদেশের পোশাক খাতের জন্য কিছু ঝুঁকিও থেকে যাচ্ছে। জোরপূর্বক শ্রমের অভিযোগে আরোপিত শুল্কের বিরোধিতা করা ডেমোক্র্যাটদের জন্য রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। ফলে এ ধরনের শুল্ক বহাল থাকার আশঙ্কা রয়েছে।
একই সঙ্গে শ্রমিকের অধিকার, মজুরি এবং পোশাক উৎপাদনে ব্যবহৃত তুলার উৎস সম্পর্কে মার্কিন ক্রেতা ও নীতিনির্ধারকদের অনুসন্ধান বাড়তে পারে। শ্রমিক অধিকারসংক্রান্ত ইস্যুর কারণে ২০১৩ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা হারিয়েছিল। ফলে অতীতের অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ।
মহিউদ্দিন রুবেলের মতে, কংগ্রেসে আইন প্রণয়ন আটকে গেলে হোয়াইট হাউস নির্বাহী ক্ষমতা ব্যবহার করে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) পরিচালিত তদন্ত, যেখানে বাংলাদেশের নাম রয়েছে।
তবে রাজনৈতিক পরিবর্তনের চেয়েও বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে মার্কিন বাজারে চাহিদার দুর্বলতা এবং ক্রেতাদের কাছ থেকে ক্রমাগত দাম কমানোর চাপ।
এ পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানিকারকদের মার্কিন তুলা ও সুতা ব্যবহারের পরিমাণ বাড়ানো, কাঁচামালের উৎসসংক্রান্ত পূর্ণাঙ্গ নথিপত্র সংরক্ষণ এবং শ্রমিক অধিকার ও উৎপাদনসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন মহিউদ্দিন রুবেল। তার মতে, মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিয়ম মেনে চলার বিকল্প নেই।
