সাম্প্রতিক দেশকাল গ্রাফিক্স।
ঘুমের মধ্যে লোকটি পেয়েছিল একটি টিকিট। ঘুম থেকে জেগে অদ্ভুতভাবে বালিশের আশপাশে সে হাতড়াচ্ছে অলীক টিকিটটির উদ্দেশ্যে। কাজের বুয়া সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে একটি রঙিন কাগজ তুলে দেয় লোকটির হাতে। বিস্মিত চোখে সে চেয়ে দেখে হলুদ মরচেধরা পুরোনো কাগজটির গায়ে বড় বড় করে লেখা ‘দূরগামী যাত্রা’।
হতবিহ্বলের মতো চেয়ে থাকে কাগজটির দিকে। এরপর যত্নে কাগজটিকে জামার বুকপকেটে রেখে বেরিয়ে পড়ে ইউনিয়ন অফিসের দিকে সাঁটলিপিকার জীবনের ঘানি টানতে। শশব্যস্ত অফিসে অকৃতদার লোকটি দূরগামী যাত্রার ভাবনা মাথায় নিয়ে টাইপরাইটারে শেষ দুটি শব্দ লেখে ‘আদেশক্রমে কর্তৃপক্ষ’। তারপর অফিসরুমের বাতি নিভিয়ে ক্যাচ ক্যাচ শব্দে জংধরা পুরোনো কাঠের দরজা টেনে লোহার তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ে বাড়ির পথে।
বাড়ির কাছাকাছি গ্রামীণ মেঠোপথের তিন মোড়ে ইসরাফিলের চায়ের দোকানে জিরিয়ে নেওয়া তার নিত্যদিনের অভ্যেস। ইসরাফিলের চায়ের কাপের চিনি গুলানোর টুংটাং আওয়াজ বেশ লাগে। অনেকটাই বিষণ্ন লোকটি। মাথার ভেতরে দূরগামী যাত্রার খেলাধুলা তাকে বিপন্ন করে তোলে।
প্রতিদিনের মতো অন্যদের কথার জবাব দেয় সে, হুম...অ্যা...ও...হ্যাঁ-এর মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিছুক্ষণ বসে থেকে এবার নিজের ঘরের পথ ধরে। ঘর বলতে সেই টিনের একচালা ঘর। একটিই মাত্র, স্যাঁতসেঁতে। দরজা খুলতেই গুমোট গন্ধ। ভেতরের উঠোনে চারদিক খোলা ছোট্ট রান্নাঘর, একটু দূরে বাথরুম ও শান বাঁধানো টিউবওয়েল। লোকটির অযুত...নিযুত এখানেই। বাপ-দাদার ভিটে। ছাড়া কি যায়? না, যায় না। তাই তো সকালের দরজা ভেঙেও লোকটির ঘুম ভাঙানো যায়নি। গতরাতের খাবার টেবিলে দুর্গন্ধ ছড়াচ্ছে। খিদে পায়নি লোকটির!
মানুষ যখন শেষবিদায় নেয় তখন তার অনেক কিছুই রহিত হয়ে যায়। খিদে তো মামুলি বিষয়। কাজের বুয়াসহ পাড়াপড়শিদের হা-হুতাশ গুমোট গন্ধে ভরা স্যাঁতসেঁতে বাড়িটিকে অন্য লোকে জীবন্ত করে তোলে। এখন মনে হচ্ছে লোকটি কোনো দিন অকৃতদার ছিল না। শুধু অপেক্ষা ছিল ‘দূরগামী যাত্রার’...।
পড়শিদের ভেতরে বয়সী মুরব্বি কেউ একজন আবিষ্কার করেন, নিঃসঙ্গ শবাধারের পাশে ওই মুখ; মানে শক্তি। আমাদের খুব পরিচিত। পাতার শিরায় সেই আঁচড়। রোদের উত্তাপে তার মাহাত্ম্য। জলের টানে গভীর অনুভব। তবু সব ব্যাকুলতা নিয়ে মানুষ নশ্বর শরীরটাকে কবর দেয় নাকি মাটিচাপা!
কিছু বুঝে ওঠার আগেই মৌন ব্যথা নিয়ে মানুষ ও প্রকৃতিতে হুহু করে কান্না ঝরে। উদাস উঠোনে পড়শিদের একলা হওয়ার হাহাকার আছড়ে পড়ে। এরও পর... ... ...চল্লিশ কদম শেষে মানুষ যখন ফিরে যায়। তখন ওই শক্তি বাতাস হয়ে মানুষেরই পায়ে পায়ে ফেরে।
গাঁয়ের অবুঝ লোকগুলো কাতরকণ্ঠে বলাবলি করে—সে আছে, গহিন মাটির গহ্বরে; নিখিল পৃথিবীতে—ওই বায়ুলোকে, মহাশূন্যে সে বিরাজমান! আরো দূর থেকে ক্রমে স্পষ্ট হয় মাইকের ঘোষণা : আগামীকাল...ইউনিয়ন অফিসে...শোকসভা...আদেশক্রমে কর্তৃপক্ষ...।
