সাম্প্রতিক দেশকাল গ্রাফিক্স।
ছন্দময় শব্দ হচ্ছিল কোথাও। কাচে হালকা ঠোকর দিলে যেমন হয় তেমন আরকি। বুক শেলফে তাকাই। লাগোয়া বাথরুমের দরোজায় তাকাই। নাহ্। তার-পর চোখ যায় জানালার দিকে। পর্দার ফাঁক দিয়ে ক্রমে ঢুকতে থাকা আলোর ভেতরে আমি হলুদ কিছু একটা দেখতে পাই। আস্তে করে পর্দা সরাই। দেখি জানালার কাচে একটি পাখি ঠোকর দিচ্ছে। বুঝতে বাকি থাকে না আমার- তার একাগ্র ঠোঁটের ঠোকরের শব্দে হালকা হয়ে যাওয়া ঘুমের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়েছে সকালবেলার আলো। তাতেই সন্ধ্যাসবের মতো ঘুম ভেঙে আমাকে করেছে বিহ্বল।
আমি বিপুল বিক্ষেপে আবারও চোখ মেলে তাকাই। তাকিয়ে থাকি পাখিটির দিকে। তাকিয়ে থাকি সমূহ শঙ্কার রোদ ঘুমঘুম ভোরে। এদিকে পাখিটির কোনো বিকার নেই। সে আপনমনে বিরামহীন ঠোকর দিয়ে চলেছে জানালার কাচে। কাচে? না-কি তার শত্রুকে? কাচের প্রতিবিম্বকে সে কি শত্রু মনে করছে? না কি কাচ ভেদ করে সে ভেতরে আসতে চায়? কেনই বা আসতে চায়? না কি কোনো এক ঘোরের মধ্যে সে এই কাজটি করে চলেছে!
তাকিয়েছিলাম তার দিকে। তার ঠোকরের দিকে। কী ছন্দময়! যেন ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত। ঠোকরের মাধ্যমে জানাচ্ছে প্রণতি। প্রণতি জ্ঞাপন তাকে গোরগ্রস্ত করে ফেলেছে যেন। এ কথা মনে হওয়ায় আমার কেন জানি এই দেওয়াল, চার দেওয়ালের অভ্যন্তর, এর বহিঃপাশ, কাচ, কাচের জানালা—সবকিছুকে মনে হলো দেবালয়। পাখিটির ঠোঁট থেকে এখন ঝরে পড়ছে আগুন। আগুন কাচের জানালা স্পর্শ করছে না।
পাখিটি ঠোঁট দুটি সংযুক্ত করছে না। মাথা ঝাড়ি দিচ্ছে ওপর থেকে নিচে একটু একটু করে। আর তাতে তার মুখের ভেতর থেকে হলুদ হলুদ দানা বের হয়ে আসতে লাগল। বের হতেই থাকল। হলুদ দানাগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকল। তারা জড়াজড়ি করে গড়িয়ে পড়তে থাকল। যেন প্রণয়শালী তরুণ তরুণী। দানাগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে কিছুটা নাচের ভঙ্গিতে ভেসে যেতে থাকল কোথাও। এত হলুদের দানা কোথায় যে যায়!
পাখিটিকে দেখা গেল না কোথাও আর। বিছানায় উঠে বসলাম। একটু আগে ঘটে যাওয়া দৃশ্য নিয়ে ভাবতে লাগলাম।
এগুলো কি স্বপ্ন ছিল?
নাশতা সেরে গ্রামের ভেতরে হাঁটতে লাগলাম। একটুও ভালো লাগল না এবার। মনে হলো আমি খাঁচায় বন্দি। চারদিকে অসংখ্য পাখি আমাকে বন্দি করেছে। পাখিগুলো আমাকে দেখে ঘৃণা বর্ষণ করছে। গান গাচ্ছে না, আমাকে তারা খোঁচা দিচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে এটা। ঘর থেকেই। স্বপ্নে অথবা বাস্তবে। ফিরে এলাম আমার বর্তমান ঠিকানায়। এসে ব্যাগ গ্যারেজে রেখে সোজা চলে গেলাম ছাদে। সব খাঁচার দরোজা খুলে দিলাম। যা চলে যা। তোদের মুক্তি।
মুক্ত প্রাণ নিয়ে আমি ফিরে এলাম ঘরে। আহ প্রশান্তি! ফ্রেশ হয়ে আবার ছাদে গেলাম শূন্য খাঁচাগুলো দেখার জন্য। পাখিবিহীন কেমন আছে তারা! দেখি খাঁচাগুলোর দরজা ঠিকই খোলা। পাখিগুলোও আগের মতোই আছে। কেউ বের হয়নি। ভাবলাম অনেক দিনের অভ্যস্থতা। ওরা বোঝেইনি ওদের বন্দিত্ব কেটে গেছে। ওরা এখন মুক্ত।
প্রতিটি খাঁচার ভেতরে হাত দিয়ে সব পাখি ছেড়ে দিলাম। তারা আকাশে উড়ে গেল। আমি তাকিয়ে থাকলাম। ওরা আকাশে মিলিয়ে গেল। কী পবিত্র দৃশ্য! আমি অনন্ত আকাশের দিকে তাকিয়ে বুকভরে প্রশান্তির দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম।
ফিরে আসার সময় দেখি সব খাঁচা পাখি দিয়ে পূর্ণ। আবার আমি সব পাখি মুক্ত করে দিই। তারা আকাশে মিলিয়ে যায়। আমি ফিরে আসার সময় দেখি খাঁচাগুলো আবার পূর্ণ। আমি বারবার মুক্ত করে দেই। পাখিগুলো খাঁচামুক্ত হয়। একটু পর দেখি খাঁচাগুলো পাকিযুক্ত হয়ে ওঠে। এবার আমি খাঁচাসহ পাখি আকাশে উড়িয়ে দেই। আকাশে মিলিয়ে যায় খাঁচা-পাখি। এবার নির্ভার হয়ে ছাদ থেকে নামতে যাব, দেখি আগের মতোই ওরা, যথাস্থানে।
আমার সকল পাখি-হত্যা আর সকল আকাশ-হত্যা চোখের সামনে ভেসে ওঠে এবার। আমি শতবার তাদের মুক্ত করে দেই। তারা মুক্ত না হয়ে বন্দি হয়ে থাকে হাজারবার। তারা যে এভাবে আমাকেই বন্দি করে রাখে।
