Logo
×

Follow Us

অনুগল্প

বন্ধ দরজার ওপাশে

Icon

বিলকিস ঝর্ণা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

বন্ধ দরজার ওপাশে

সাম্প্রতিক দেশকাল গ্রাফিক্স।

ঢকঢক করে দুই মগ ঠান্ডা জল ঢালে ক্ষুধায় জ্বলে উঠা উদাম নৈশভোজের পেটে সিঁধেল চোরা—পইন্ড্যা। ঠোঁটকাটা ময়রানির বর। বানে ভেসে এপার-ওপার যাযাবর দিন—তবুও অমাবস্যা কালো কুচকুচে মসৃণ। ঘামে ভেজা অসুর শরীর। 

ছেঁড়া-টুকরো লুঙ্গি কাছা দেয় শক্ত করে। নতুন পাটখড়ির বেড়ার ফাঁকে কুপির আলো নিভে যায়। অন্ধকারে মিলিয়ে যায় সিঁধেল চোরা পইন্ড্যা—ঠোঁটকাটা ময়রানির বর। পড়ার টেবিলে হারিকেনের আলো। মা ঘুমিয়ে—সারা দিন কাজে ক্লান্ত। আব্বা শুয়ে শুয়ে জাগে যতক্ষণ জেগে আমি।

চেনা রাতজাগা শব্দ, শুকনো কাঁঠাল পাতায় ফোঁটা ফোঁটা ক্লান্ত শিশির। বন্ধ দরজার ওপাশে কুকুর। কবরস্থানে কয়েকটা খেঁকশিয়াল-বাদুড়ের পাখা ঝাঁপটানো। উত্তরের ঝোঁপে হঠাৎ কানাকুকা ডেকে উঠে—লস্কর নানার গলাখাঁকারি।

চোরের উপদ্রব বেড়ে গেছে কদিন পালা ক’রে গাঁয়ের পাহারাদারদের হাঁক— ব-স-তি—ও-য়া-লা-রা—জাগো...ও...ও পাশের গাঁয়ে কালো কুচকুচে মস্ত এক জোয়ান সিঁধেল চোর। 

রাত্রি আঁধার—পৃথিবীর এপার। কেউ জিঁকার ডাল—কেউ বাঁশের লাঠি —কেউ জুতা—কেউ খালি হাতে। একঝাঁক মুণ্ডুহীন বড় শিমুলগাছের ভূত আর পইন্ড্যা— আমি প্রায়ই ও বাড়িতে যাই শুনলাম—দূরের হাট থেকে রাতে বাড়ি ফেরার সময় বড় শিমুলগাছের নিচে পইন্ড্যারে ভূতে ধরছে থ্যাঁতলানো হাত-পা-গায়ে বিড়ির সেঁকা— আমিও বিস্মিত হই একা একা স্কুলে যাবার সময়—বড় শিমুলগাছের নিচে থেকে—চোখ বন্ধ করে জোরে—এক দৌড়—ফাঁকা রাস্তা শেষ করে মোল্লা বাড়ির কাছে এসে দম নিই।

পাটখড়িতে আটকানো কনকনে শীত মাটির মেঝে-খেজুরের পাতার নতুন পাটিতে—পইন্ড্যা কদিন হলো বিছানায় শরীরে ব্যথা-যন্ত্রণা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫