Logo
×

Follow Us

জাতীয়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলা মিলিয়ে ৯৬ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৬ প্লাটুনের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন ও ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারি, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫