দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৪ জন রোগী।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় তিনজন, চট্টগ্রামে দুজন এবং খুলনায় একজন রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হলো।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৮ এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৬। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায় ৬০০ জন, যার মধ্যে ৪৭ জন নিশ্চিত হাম এবং ৫৫৩ জন উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
এ ছাড়া সিলেটে ৩৩৭ জন, চট্টগ্রামে ২৫৭ জন, ময়মনসিংহে ১২৪ জন, রাজশাহীতে ৩৫ জন, বরিশালে ১৪৩ জন, খুলনায় ৯১ জন এবং রংপুরে ৪৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩৯।
সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১২৫ জনে। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন রোগী।
