Logo
×

Follow Us

জাতীয়

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে সাততলা বস্তির আগুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে সাততলা বস্তির আগুন

ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।

ঘটনাস্থলে সাংবাদিকদের লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, “সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্যান্য ইউনিট পাঠানো হয় এবং সর্বমোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণ করতে সারা দিন লেগে যেতে পারে।”

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।”

ফায়ার সার্ভিসের পরিচালক জানান, এখানে মূলত নিম্ন আয়ের মানুষজন বাস করেন। আগুনে তাদের টিনের ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণামতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত, যাদের বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, আগুন নেভানোর পর পুরো এলাকায় অনুসন্ধান (সার্চ) চালানো হবে। অনুসন্ধানের পরই বোঝা যাবে কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না।

এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ হয়ে মোট আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫