এনআইডি সেবায় হয়রানি পুরোপুরি বন্ধ করতে চাই: সিইসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, এমন পরিবেশ তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরাও অংশ নেন।
সিইসি বলেন, ‘প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।’
এনআইডি সেবায় দুর্নীতির অভিযোগের অবসান চান জানিয়ে তিনি বলেন, ‘এনআইডিকেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই। কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায়, কোনো ধরনের হয়রানির শিকার না হয়।’
নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
তিনি বলেন, ‘কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না, এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।’
এনআইডি-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে সিইসি বলেন, অনেক সময় কারও জন্মনিবন্ধনে সমস্যা, কারও শিক্ষাগত সনদে ত্রুটি—এ ধরনের নানা অজুহাত সামনে আনা হয়। কিন্তু এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’
নাগরিকদের ডিজিটাল সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেবা দেওয়ার ওপরও গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, দেশের সব নাগরিক প্রযুক্তি ব্যবহারে সমানভাবে দক্ষ নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা সহজ নয়। তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ জন্য জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নাগরিকদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার বিষয়ে সচেতন করতে হবে। আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে, এসব বিষয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো যেতে পারে।
এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের সমস্যারও সমাধান খুঁজতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থা কী হতে পারে, সে বিষয়েও কর্মশালায় পরামর্শ চান সিইসি। তিনি বলেন, ‘আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারব না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।’
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।
সিইসি বলেন, ‘নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডিকেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে না হয়—এটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে সমাধান চাই।’
