Logo
×

Follow Us

জাতীয়

ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

ঢাকার বাতাস খুবই ‘অস্বাস্থ্যকর’

শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। ছবি: সংগৃহীত

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয়। দূষণ বেড়েছে অতিমাত্রায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে সকাল ৮টা থেকে ৯টার রেকর্ডে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২১৬। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।

আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর মধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ৪৮৩, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।

র‍্যাঙ্কিং তালিকায় থাকা ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, প্রগতি সরণি, বসুন্ধরা আবাসিক এলাকা, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, গুলশান লেক পার্ক, ইস্টার্ন হাউজিং ও বারিধারা লেকসাইড।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২ দশমিক ৫ বা সূক্ষ্ম কণা। অতিক্ষুদ্র এসব কণার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়েও কম, যা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্পকারখানা থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলা এবং আশপাশের ইটভাটাগুলো এ দূষণ সংকটের জন্য দায়ী।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (২৯৬, খুব অস্বাস্থ্যকর), ভারতের কলকাতা (১৯৯, সবার জন্য অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (১৮১, সবার জন্য অস্বাস্থ্যকর) ও নেপালের কাঠমান্ডু (১৭৯, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫