Logo
×

Follow Us

জাতীয়

স্মরণসভা বক্তারা

যিনি কিছুই মনে রাখতেন না, তাকে মনে রেখেছে সবাই

Icon

সাম্প্রতিক দেশকাল প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

যিনি কিছুই মনে রাখতেন না, তাকে মনে রেখেছে সবাই

বাবা মরহুম জাহিদ হোসেন মুসার স্মৃতিচারণ করে স্মরণসভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ পুত্র ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। ছবি: সাম্প্রতিক দেশকাল

“শোনো, অত কিছু মনে রাখবা না।” কেউ কষ্ট দিলে সন্তানদের এই কথাটিই বলতেন জাহিদ হোসেন মুসা। জীবনভর তিক্ততা ভুলে থাকা এই মানুষটিকে অথচ ভোলেনি কেউ। মৃত্যুর ছয় বছর পরও তাই তার স্মৃতির টানে এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন পরিবার, সহকর্মী আর গুণগ্রাহীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপদেষ্টা মরহুম জাহিদ হোসেন মুসার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিলের। 

বক্তাদের কণ্ঠে বারবার উঠে আসে একই কথা— “তিনি ছিলেন এক অজাতশত্রু মানুষ, রাজনীতি ও মানবিকতার এক অনন্য আলোকবর্তিকা, যার প্রজ্ঞায় আলোকিত হয়েছে তার পরিবার, সমাজ এবং রাজনীতির বড় একটি অংশ।”

স্মরণসভায় বাবার স্মৃতিচারণ করেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী। ছবি: সাম্প্রতিক দেশকাল

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কিউ এম মহিউদ্দিন। এরপর সুধীজনদের স্বাগত জানান রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী। 

বাবার ৮৯ বছরের দীর্ঘ ও পরিপূর্ণ জীবনের দিকে ফিরে তাকিয়ে তিনি জানান, যৌবনে সংস্কৃতি ও সমাজসেবায় যুক্ত থাকা মানুষটি পরে সক্রিয় হন রাজনীতিতে। “কখনো শত্রুতা তো দূরে থাক, কাউকে কোনো সেন্সে মনে কষ্ট দিয়েছেন এটাও আমরা অবশ্য দেখি নাই,” বলেন তিনি। উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও চরম সংকটে বাবা ধৈর্য হারাননি: “অনেক ক্রাইসিস টাইম উনি খুব সুন্দর ধৈর্যের সাথে মোকাবিলা করে গেছেন।” সন্তানদের প্রতি তার উপদেশ ছিল সৎ উপার্জন আর সৎ জীবনযাপনের।

জাহিদ হোসেন মুসার স্মরণসভায় রাওয়া ক্লাবের হেলমেট হলে সামনের সারিতে পরিবার সদস্য ও স্বজনরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্রধান আলোচক হিসেবে স্মৃতির ঝাঁপি খোলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। কথার শুরুতেই তিনি শ্রদ্ধা জানান মা বেগম নূরুন্নাহারের প্রতি। তার বিশ্বাস, রেডিয়েন্ট পরিবারের আজকের প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এসেছে সরাসরি বাবা-মায়ের দেওয়া শিক্ষা থেকেই। 

বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিতে আমাদের মিত্র হয়, শত্রু হয়। কিন্তু আব্বার ক্ষেত্রে সবচেয়ে অবাক করার বিষয় ছিল, তার কোনো শত্রু ছিল না; এমনকি বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদের কাছেও তিনি ছিলেন পরম শ্রদ্ধেয়।” এটিকেই তিনি বাবার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন। আর এর রহস্য লুকিয়ে ছিল ভুলে যাওয়ার এক বিরল ক্ষমতায়। “তিনি কারো কোনো কষ্ট দেওয়া আচরণকে মনে রাখতেন না।”

ব্যবসার ক্ষেত্রেও বাবা বেঁধে দিয়েছিলেন দুটি সুনির্দিষ্ট নিয়ম— ব্যবসা হবে সবসময় হালাল রুজির জন্য, আর ওষুধের গুণগত মানের সঙ্গে কখনোই আপস চলবে না। 

জ্যেষ্ঠ পুত্রের ভাষায়, “আব্বা বারবার বলতেন, ‘দেখো, তোমরা ওষুধ বানাচ্ছো; এই কোয়ালিটি যেন তোমার সহকর্মীরা কেউ কম্প্রোমাইজ না করে, সেদিকে খেয়াল রাখবে।’” বাবার সততা ও নৈতিকতার পথ অনুসরণের আহ্বান জানান তিনি।

‘সাম্প্রতিক দেশকাল’ পত্রিকার এডিটর ইন চিফ কে এম ইলিয়াস উদ্দিন পলাশ মরহুমকে আখ্যায়িত করেন সমাজের এক ‘আলোকবর্তিকা’ হিসেবে। “তিনি যে আলো জ্বালিয়েছিলেন, সেই আলো আজ তার সন্তানদের পেরিয়ে নাতি-নাতনিদের মধ্যেও পৌঁছে গেছে। এখানেই একজন মানুষের জীবনের প্রকৃত সার্থকতা।” 

ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসার স্মৃতিচারণ করেন সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজের প্রকাশক ও সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। ছবি: সাম্প্রতিক দেশকাল

ইলিয়াস উদ্দিন পলাশ ফিরিয়ে নেন ১৯৫২ সালে, যখন ভাষা আন্দোলনে তৎকালীন ঝিনাইদহ মহকুমায় নেতৃত্ব দিয়েছিলেন জাহিদ হোসেন মুসা। আলতা দিয়ে পোস্টার লিখে তিনি সংগঠিত করতেন আন্দোলন। পলাশের ভাষ্যে, গত তিন-চার দশকে ঝিনাইদহ অঞ্চলে যেসব সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতার উত্থান ঘটেছে, তাদের অনেকেই গড়ে উঠেছেন তার আদর্শে। মওলানা ভাসানীর সঙ্গে দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি সবসময় করেছেন আপসহীন, জনগণমুখী রাজনীতি। 

পলাশ যোগ করেন, “ব্যক্তি হিসেবে নয়, তাকে একটি ধারা ও প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে।”

স্মরণসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছিল নাতনিদের কথায়। আফিয়া জাহেদী ফিরে যান শৈশবে। “দাদু অনেক কম কথা বলতেন, কিন্তু যেটাই বলতেন অনেক প্রজ্ঞার সঙ্গে বলতেন।” দাদার কাছেই পেয়েছেন জীবনের বড় শিক্ষা: “মানুষের ভালো-মন্দ সব সময়ে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর শিক্ষা আমি দাদুর কাছ থেকেই পেয়েছি।” তার স্মৃতিতে এখনো জীবন্ত ঝিনাইদহের সেই বাড়ি, যেখানে প্রতিদিন দুপুরে খেতে আসতেন বহু মানুষ; দাদার অসাধারণ বদান্যতা ও আতিথেয়তার নীরব সাক্ষী।

সর্বডানে বেগম নূরুন্নাহার জিন্নাতুল (জাহিদ হোসেন মুসা মিয়ার স্ত্রী) সহ জাহেদী পরিবারের অন্যান্য সদস্য। ছবি: সাম্প্রতিক দেশকাল

আরেক নাতনি, রেডিয়েন্ট সেন্টার ফর প্রফেশনালসের ম্যানেজার কানিজ মার্জিয়া জামানের কাছে দাদার স্মৃতি জড়িয়ে আছে আরেক শূন্যতার সঙ্গে। দাদা বাবাকে ভালোবেসে ডাকতেন ‘খোকা’। ছোটবেলার ঈদের সকালে দাদাকে সালাম করা, দাদার হাতের সেই লাঠি; আবেগভরা কণ্ঠে এসব স্মৃতি তুলে ধরেন তিনি। উদ্ধৃত করেন দাদার একটি উপদেশও “আশেপাশের মানুষ তোমার সঙ্গে ভালো-খারাপ যাই করুক না কেন, তুমি তোমার মানবিক দিক বিবেচনা করে যেটা সঠিক সেটাই করবে। কোনো নেতিবাচক অভিজ্ঞতায় প্রভাবিত হয়ে নিজের বিবেককে মাটি দেওয়া যাবে না।”

সঞ্চালক ও রেডিয়েন্টের জেনারেল সার্ভিস বিভাগের ম্যানেজার মেজর (অব.) আবদুল্লাহ আন নাঈম পাঠ করেন মরহুমের সংক্ষিপ্ত জীবনী। ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া জাহিদ হোসেন মুসা রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন; ২০০৬ সালে প্রকাশিত হয় তার কবিতার বই ‘অনেক দেরিতে’। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন জাহেদী ফাউন্ডেশন। জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তার মৃত্যুতে জাতীয় সংসদে গৃহীত হয় একটি শোকপ্রস্তাব।

রাওয়া ক্লাবের হেলমেট হলে স্মরণসভায় রেডিয়েন্টভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সাম্প্রতিক দেশকাল

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহেদী ফাউন্ডেশনের উপদেষ্টা ড. এস এম মোয়াজ্জেম হোসেন। একটি হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, “মৃত ব্যক্তির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো, যাতে সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনে তা বাস্তবায়ন করা যায়।”

যে মানুষটি কারো দেওয়া কষ্ট মনে রাখতেন না, তাকে আজও এভাবেই হৃদয়ে ধরে রেখেছেন তার উত্তরসূরিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫