রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে ইন্টারনেট সরবরাহকারী অফিসে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এই গুলির ঘটনা ঘটে।
আহতরা হলেন— প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই দুই কর্মচারীসহ আরও কয়েকজন অফিসে বসে তাদের কাজ করছিলেন। হঠাৎ চারজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং দু-এক মিনিটের মধ্যেই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে হাবিবুর ও সাজু গুলিবিদ্ধ হন। এর পরপরই তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্যবস্থাপক মাজহারুল আরও জানান, গত দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের লোকজন প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে এখন পর্যন্ত তাদের সেই চাঁদার টাকা দেওয়া হয়নি। এর জেরে আজ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত সাজু আহমেদ জানান, চারজনের মধ্যে তিনজন অফিসের ভেতরে ঢোকেন আর একজন বাইরে দাঁড়িয়ে ছিলেন।
তার ভাষ্যমতে, ‘ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকে—‘‘তোদেরকে এইখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’’ এই বলেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সবুজ নামের একজনের ডান পায়ে ও হাবিবুর নামের একজন বাম হাতে গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তাৎক্ষণিক রামপুরা থানায় অবগত করা হয়েছে।
