দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশন দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রবিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
