প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সামনে দেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নানা প্রস্তাব তুলে ধরবেন তিনি।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন সকালে সম্মেলনস্থলে আসেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
এর আগে বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় গুরুত্ব পায়। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।
