দেবপ্রিয় ভট্টাচার্য
দুর্নীতি-দুঃশাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সাম্প্রতিক দেশকাল
সমাজের একটি বিশাল অংশ এখনো চরম অবহেলার শিকার। দুর্নীতি, দুঃশাসন ও স্বজনপ্রীতির কারণে প্রতিনিয়ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক স্তরের সুবিধাবঞ্চিত মানুষেরাই—এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেছেন, দেশে গত কয়েক দশকে দৃশ্যমান অর্থনৈতিক উন্নতি হলেও সেই অনুপাতে কাঙ্ক্ষিত সামাজিক ও রাজনৈতিক রূপান্তর ঘটেনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফইসি) হারমনি হলে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
‘কাউকে পেছনে রাখা যাবে না’ শীর্ষক একটি বিশেষ ভিডিও প্রদর্শনের পর ককাস গঠনের মূল প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি উপস্থাপন করেন ড. দেবপ্রিয়।
বক্তব্যের শুরুতেই তিনি দেশের বৈষম্যপূর্ণ পরিস্থিতির একটি উদ্বেগজনক বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। এর মধ্যে এক কোটি মানুষ চরম দরিদ্র। পরিস্থিতি এতটাই নাজুক যে, প্রায় দুই কোটি মানুষ মাত্র দুদিন কাজের সুযোগ না পেলে পুনরায় চরম দারিদ্র্যের কবলে ছিটকে পড়বেন।’
যুবসমাজের ভয়াবহ বেকারত্বকে একটি বড় সংকট হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশে বর্তমানে প্রতি চারজন যুবকের মধ্যে একজন কর্মহীন। আর শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এই চিত্র আরও নৈরাশ্যজনক, সেখানে প্রতি তিনজনে একজন বেকার।
প্রতিবন্ধী, হরিজন, দলিত, আদিবাসী ও উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, স্কুল থেকে ঝরে পড়া এবং শিশুশ্রমের হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। এদের জীবনমানে কোনো গুণগত পরিবর্তন আসেনি।’
নাগরিক সমাজের দীর্ঘ এক দশকের নিরলস চেষ্টার ফসল হিসেবে ২৫ জন সংসদ সদস্যের সমন্বয়ে এই সর্বদলীয় ককাস গঠিত হয়েছে। ড. দেবপ্রিয় জানান, গত মে মাসে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং জুলাই মাসে চিফ হুইপের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ আলোর মুখ দেখেছে।
তিনি জনপ্রতিনিধিদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা যদি প্রত্যক্ষভাবে এই দায়িত্ব না নেন, তবে সামাজিকভাবে এই রূপান্তর সাধন করা কোনোভাবেই সম্ভব নয়। সমাজের অগ্রসর অংশ যদি এই অবহেলিত মানুষদের কথা না বলে, তবে একদিন উন্নয়ন ও গণতন্ত্র দুটোই চরম ঝুঁকির মুখে পড়বে।’
ককাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে এই অর্থনীতিবিদ বলেন, ‘পিছিয়ে পড়া মানুষের স্বার্থে নতুন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। জরুরি সমস্যাগুলো সংসদে তুলে ধরতে হবে এবং আসন্ন বাজেটে সুবিধাবঞ্চিতদের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।’
সংসদ সদস্য ও ককাসের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের স্পিকার ও ককাসের প্রধান পৃষ্ঠপোষক হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম।
