দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৯১ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে দুজন ঢাকার, দুজন ময়মনসিংহের, একজন সিলেটের এবং অন্যজন চট্টগ্রামের।
একই সময়ে আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১১৩ জন এবং হামের উপসর্গ মিলেছে ১ হাজার ৩৫১ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে ১১ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন।
এছাড়া চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।
