Logo
×

Follow Us

জাতীয়

৩ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

৩ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-তুরস্ক

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা, বাণিজ্য-বিনিয়োগ এবং জ্বালানি—এই তিন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি সাংবাদিকদের জানান।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তিনি তুরস্ককে অভিনন্দন জানান।

উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও যৌথ বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও কার্যকর অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এদিকে বৈঠকে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সক্রিয় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একই সঙ্গে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫