Logo
×

Follow Us

জাতীয়

দুদকের চাকরিতে ফিরলেন সেই শরীফ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

দুদকের চাকরিতে ফিরলেন সেই শরীফ

মো. শরীফ উদ্দিন। ছবি: সংগৃহীত

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত কর্মকর্তা ও সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পেয়ে পুনর্বহালের আদেশ পেয়ে আজ তিনি কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকালে ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। 

এর আগে চলতি বছরের ১ নভেম্বর তার আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল।

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে ব্যাপক আলোচনায় এসেছিলেন শরীফ উদ্দিন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ অক্টোবর সংস্থায় যোগদান করেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চালান তিনি। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন এই কর্মকর্তা।

তার আলোচিত কাজগুলোর মধ্যে ছিল কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতি, রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির চক্র, ইয়াবা চোরাচালান এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ ও সংযোগ অনিয়মের অনুসন্ধান। 

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগে ১৮২ পৃষ্ঠার অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেন তিনি। এসব কারণে দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।

২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় এবং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪ (২) বিধি প্রয়োগ করে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে দুদকের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন এবং সারাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে বাতিল ঘোষণা করেন এবং সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। 

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল আবেদন গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত খারিজ করে দিলে তার চাকরিতে ফেরার আইনি পথ পুরোপুরি সুগম হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫