ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা দুইটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটা থেকে দুইটার মধ্যে অনুষদের পার্কিং স্থানে রাখা একটি গাড়ির চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
একটি সূত্র জানায়, ওই সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, ‘আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে দেখেছি, বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর পাইনি। ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানানো হয়েছে এবং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।’
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
উল্লেখ্য, আজ ভোর থেকে দেশজুড়ে বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
