রাষ্ট্রপতি
মানহীন বিশ্ববিদ্যালয় ‘উচ্চ ডিগ্রিধারী বেকার’ তৈরি করেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দীর্ঘদিনের বিভক্ত শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভোলা যাবে না।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়ন করতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ধারাবাহিক শেখার মানসিকতা এবং স্বাধীন চিন্তাশক্তির ওপর জোর দেন তিনি।
তবে প্রযুক্তির অতি-নির্ভরশীলতা যেন মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প না হয়, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এটি অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। তিনি শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকার এবং সততা ও নৈতিকতা সমুন্নত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করেন।
