Logo
×

Follow Us

জাতীয়

তথ্য উপদেষ্টা

হাসিনাকে দেশে ফেরাতে কোনো আইনি জটিলতা নেই

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

হাসিনাকে দেশে ফেরাতে কোনো আইনি জটিলতা নেই

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কোনো আইনি জটিলতা দেখছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, তিনি কেবল সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা আদালতের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে এবং সেই চুক্তির আওতাতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে ই-মেইল পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি; ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫