ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চেয়ে যে আবেদন করা হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনে করা হয়নি। আবেদনের সঙ্গে তার কোনো অথরাইজেশন নথি না থাকায় এতে ভুল রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্রে জানা গেছে।
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে ভারতে বাংলাদেশের হাইকমিশন।
সূত্র জানায়, ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। নিয়ম অনুযায়ী কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির স্পষ্ট অথরাইজেশন থাকা বাধ্যতামূলক।
ই-মেইল পাওয়ার পরপরই দিল্লির বাংলাদেশ হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের মেইলের শুরুতে সংশ্লিষ্ট আইনজীবী লিখেছেন—তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন এবং আজ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ সংস্থায় এ সংক্রান্ত আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে যাওয়ার পর এই প্রথম তিনি এ ধরনের পদক্ষেপ নিলেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার।
