Logo
×

Follow Us

জাতীয়

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এ ছাড়া রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫