Logo
×

Follow Us

জাতীয়

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে সুচিকিৎসা নিশ্চিত করতে প্রাথমিকভাবে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

সোমবার পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমরা এক যুগের বেশি সময় স্বৈরাচারী দুঃশাসন আমলে দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছে। কিভাবে গ্যাস ব্যবহার দেশের মানুষের জন্য না করে সবকিছুকে আমদানি নির্ভর করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে আমদানি নির্ভর করে ফেলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এমন সব পলিসি করা হয়েছিল যাতে করে ঠিকভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ হয়নি। ঠিক একইভাবে আমরা দেখেছি সেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যতটুকু ছিল স্বৈরাচারের সময়ে সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে বিরোধী দলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সেই স্বৈরাচারের সময়ে এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসার জন্য সরকার ১০০ শয্যা বিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের যে শিল্প অঞ্চলগুলো আছে তন্মধ্যে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামে এই হাসপাতালগুলো তৈরি করব। যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসা সেবা প্রদান করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫