Logo
×

Follow Us

জাতীয়

আবদুল আউয়াল মিন্টু

রাজনৈতিক সমঝোতা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

রাজনৈতিক সমঝোতা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে না

আবদুল আউয়াল মিন্টু। ফাইল ছবি

দুই দেশের টেকসই সম্পর্কের ক্ষেত্রে কেবল রাজনৈতিক সমঝোতা কোনো দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে না; এর মূল ভিত্তি হতে হবে বাণিজ্য ও মানুষে মানুষে সরাসরি যোগাযোগ—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। 

তিনি স্পষ্ট করেই বলেন, “বাণিজ্যিক সম্পর্কই যেকোনো বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে শুরু হয়েছে ৩০তম ‘ইউএস ট্রেড শো ২০২৬’। 

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই সড়কের যানজটের কারণে কিছুটা দেরিতে পৌঁছানোয় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। এরপর স্মৃতিচারণ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “১৯৭১ সালে যখন আমি যুক্তরাষ্ট্রে যাই, পুরো ট্রাই-স্টেট এলাকায় আমরা মাত্র ৩৬ জন বাংলাদেশি ছিলাম। এখন নিউইয়র্কের একটি ভবনেই এর চেয়ে বেশি প্রবাসী থাকেন।” 

অতীতের সাহায্যনির্ভর বাণিজ্যের কথা টেনে তিনি বলেন, “একসময় পিএল-৪৮০ আইনের আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেবল গম আর তুলা অনুদান হিসেবে আসত। সেই দিন এখন পেছনে ফেলে এসেছি আমরা। বাংলাদেশ এখন আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই।”

যুক্তরাষ্ট্র থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার শুরুর দিনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমি নিজে নিউজার্সিতে ওয়েস্টার্ন ইউনিয়নের দপ্তরে চারবারের বেশি গিয়েছিলাম। তারা তখন সরাসরি বলত, বাংলাদেশে টাকা পাঠানোর মানুষ কোথায়? বহু চেষ্টার পর তারা একটি স্থানীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করে। আজ তারাই সবচেয়ে বড় রেমিট্যান্স সেবাদাতা।” 

নব্বইয়ের দশকে ইউনিকল ও শেভরনের মতো শীর্ষ মার্কিন জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসার নেপথ্য ঘটনাও স্মরণ করেন তিনি।

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের এক নম্বর বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, “দেশের মোট কর রাজস্বের প্রায় ২০ শতাংশ দিচ্ছে আমেরিকান কোম্পানিগুলো। এটি কোনো সাধারণ বিষয় নয়।”

বিদেশি উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমাদের সরকার এমন পরিবেশ তৈরি করছে, যাতে মার্কিন প্রতিষ্ঠানগুলো শুধু বিনিয়োগ নয়, উৎপাদনে এসেও স্বস্তি পায়। লাইসেন্স ও অনুমোদনের জটিলতা কাটাতে দ্রুত ‘ওয়ান-স্টপ সার্ভিস’ কার্যকর করা হচ্ছে। ১৮ থেকে ২০ কোটি মানুষের এই বাজার সবার জন্যই লাভজনক।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

এ সময় অ্যামচ্যাম বাংলাদেশের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ উপস্থিত ছিলেন। তিন দিনের এই মেলায় মার্কিন পণ্য ও সেবার পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্রগুলোও তুলে ধরা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫