ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯০০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন এবং সিলেট বিভাগে ২২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবত মোট ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৬ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
হাম উপসর্গে ৩ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৭ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৪৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৫০৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯১ জন।
গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
