Logo
×

Follow Us

জাতীয়

মিরপুরে সড়কে নামার আগেই শ্রমিকদের সরালো পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

মিরপুরে সড়কে নামার আগেই শ্রমিকদের সরালো পুলিশ

পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। 

সোমবার সকালে টানা তৃতীয় দিনের মতো শ্রমিকেরা রাজপথে নামার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন।

পুলিশ জানায়, সকালে মিরপুর ১৪ নম্বরের কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। 

শ্রমিকেরা বাধা অতিক্রম করতে চাইলে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে তারা আবার কারখানার ভেতরে ফিরে যান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন জানান, গত শনিবার থেকে শুরু হওয়া অসন্তোষের ধারাবাহিকতায় আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তবে পুলিশি পদক্ষেপের পর তারা গার্মেন্টসের ভেতরে চলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় গিয়ে দেখা যায়, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মহিদুল ইসলাম জানান, মিরপুর ১০ নম্বরে পুলিশের শক্ত অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে বেলা ১১টার দিকে মিরপুর ২ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষ বাঁধে।

এর আগে গত শনিবার থেকে মিরপুরের পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ শুরু হয়। রোববার তা সড়কে ছড়িয়ে পড়লে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় কয়েকজনকে আটক করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫